দেশের বিভিন্ন স্থানে মব ও সহিংসতার মাধ্যমে বেআইনিভাবে কাউকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। সংস্থাটির মতে, এভাবে আটকে আইনি প্রক্রিয়া মানা হচ্ছে না।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ উদ্বেগের কথা জানায় সংস্থাটি।
ব্লাস্ট জানায়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার আদালত প্রাঙ্গণে এক আইনজীবীর ওপর হামলা, বিভিন্ন স্থানে আইনজীবীদের আটক ও হয়রানি এবং তাদের পুলিশে হস্তান্তরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে হামলা ও সহিংসতার শিকার ব্যক্তিদের পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনাও সামনে এসেছে। ব্লাস্টের দাবি, এ ধরনের ঘটনা বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুতর প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংস্থাটি বলেছে, অপরাধের অভিযোগে কোনো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। রাজনৈতিক পরিচয়, মতাদর্শ বা পেশাগত সম্পৃক্ততার কারণে কাউকে হয়রানি বা আক্রমণ করা এবং আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রত্যেকের নিরাপত্তা, আইনি অধিকার ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয় ও সুরক্ষা এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রয়েছে। ৩৩ অনুচ্ছেদে গ্রেপ্তার ও আটকসংক্রান্ত সুরক্ষা এবং ৩৫ অনুচ্ছেদে বিচার ও দণ্ডসংক্রান্ত মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর বিধান অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে।
এসব অধিকার কার্যকরভাবে সুরক্ষিত রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলেও মনে করে ব্লাস্ট। প্রত্যেক নাগরিকের বিচারপ্রক্রিয়ায় আইনগত প্রতিনিধিত্ব পাওয়ারও সাংবিধানিক অধিকার রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ব্লাস্ট বলছে, সাম্প্রতিক মব-সহিংসতা, বেআইনি আটক, হামলা, হয়রানি ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনাগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।
পাশাপাশি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আইনজীবীর সহায়তা, পরিবারের সঙ্গে যোগাযোগ, চিকিৎসা ও অন্যান্য আইনগত অধিকার নিশ্চিত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্লাস্ট।