রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার ঘটনার মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার সন্ধ্যায় ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম চরচাকে বলেন, “ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।”
আজ ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, “সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
মামলার এজাহারে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামান তার সঙ্গে অসদাচরণ ও মারধরের হুমকি দেন।
সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনের সঙ্গেও আখতারুজ্জামান অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া, সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীকে নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।