Advertisement

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, আজ রাতেই বাড়বে গ্যাস সরবরাহ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মহেশখালীর এলএনজি টার্মিনাল আংশিক চালু, আজ রাতেই বাড়বে গ্যাস সরবরাহ
ছবি: ইউএনবি

কারিগরি ত্রুটির কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার পর কক্সবাজার জেলার মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি টার্মিনাল আংশিকভাবে চালু হয়েছে। আজ রাতেই বাড়তে পারে গ্যাসের সরবরাহ।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পেট্রোবাংলার সদস্য (অপারেশন) ড. রফিকুল ইসলাম জানান, ভাসমান সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ) চালু হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রায় ১১ কোটি ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, আজ রাতের মধ্যেই গ্যাস সরবরাহ বেড়ে ৭ কোটি ৫০ লাখ থেকে ৮ কোটি ঘনফুটে পৌঁছাবে।

গত ২১ জুলাই কারিগরি ত্রুটির কারণে এক্সিলারেট এনার্জির টার্মিনাল দিয়ে এলএনজি আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর দেশে গ্যাস সংকট শুরু হয়।

Advertisement

অন্য একটি এফএসআরইউ আগেই বন্ধ থাকায় ওই সময় থেকে বাংলাদেশ এলএনজি আমদানির জন্য কার্যত একটি মাত্র সচল টার্মিনালের ওপর নির্ভরশীল ছিল। ফলে পুনর্গ্যাসীকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

এদিকে, পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, আরেকটি এলএনজি কার্গো ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে এবং কাল শুক্রবার থেকে তা খালাস শুরু হওয়ার কথা রয়েছে। এরপর টার্মিনাল থেকে প্রতিদিন অতিরিক্ত ২ কোটি থেকে ৩ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।