রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে আর্মি স্টেডিয়ামের কাছে এক্সপ্রেসওয়ের ঢাকা বিমানবন্দরমুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
পুলিশ জানায়, কয়েকজন গাড়িচালক এক্সপ্রেসওয়ের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বনানী থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির মুখে স্কচটেপ প্যাঁচানো ছিল।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, লোকটিকে কেউ হত্যা করে মরদেহটি এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
ফরিদুল ইসলাম আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।