দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও স্বরাষ্ট্রমন্ত্রী ‘নির্বাক ও ভাষাহীন’ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেল তিনি এমন মন্তব্য করে। দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সম্প্রতি দেশে সংঘটিত নানা বিষয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
পরওয়ার বলেন, ‘‘আইনশৃঙ্খলার দায়িত্বে যে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একেবারে নির্বাক। ভাষাহীন হয়ে পড়েছেন, কথা যা বলছেন মানুষ তাতে হাসছে। দায়িত্ব তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তিনি আছেন সংবিধানের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে ব্যস্ত। দেশটা কোথায় যাচ্ছে, জনগণ ধীরে ধীরে কিন্তু এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে।”
মিরপুরের রাড্ডা সেন্টার ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ক্ষমতাসীন দলে যারা থাকে, যারা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে থাকে, তাদের সিগন্যাল ছাড়া, মদদ ছাড়া কি এ ধরনের ভয়াবহ হামলা হতে পারে?”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের পদধারী নেতারা বলছেন, তারা অপরাধীদের আইনের আওতায় নিতে দলীয় পরিচয় বিবেচনায় নেবেন না। কথাটায় তো ধন্যবাদ। কিন্তু সব ঘটনার পেছনে যে বিএনপির লোকেরা আছে, কয়টা লোককে আপনি ধরেছেন?”
গোলাম পরওয়ার বলেন, ‘‘ধান খেতে বেড়া দেয় এ জন্য যে গরু-ছাগল যেন ধান না খায়। গ্রামের একটা প্রবাদ আছে- বেড়ায় যদি ধান খায় তাহলে সেই ধান আর থাকে না। তো বাংলাদেশের আইনশৃঙ্খলার বেড়া হচ্ছে সরকারি দল ও পুলিশ। তারাই তো ধান খেয়ে যাচ্ছে অর্থ্যাৎ অপরাধ করছে।”
পরওয়ার বলেন, ‘‘তদন্ত ছাড়াই অন্যদের ওপর দায় চাপানো, বিরোধী দলের ওপর চাপানো, নিজের দলের লোকদের কথা তারা বলবে না। ফলে হয়েছে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হওয়ার আর কোন সম্ভাবনা নেই।”