আমজনতা দলের নিবন্ধনের জন্য আমরণ অনশন করা দলটির সদস্য সচিব তারেক রহমানের প্রতি সংহতি জানিয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, তারেক রহমানের আন্দোলন যৌক্তিক। আমজনতা দলের নিবন্ধন দিতে হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে তারেক রহমানের আমরণ অনশনের প্রতি সংহতি জানান রাশেদ।
রাশেদ খাঁন বলেন, ‘‘রাজপথের লড়াকু সৈনিক ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে পরিচিত মুখ তারেক রহমান। তিনি প্রায় ২০ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন। বিভিন্ন সময় আমরা রাজপথে তার আন্দোলন সংগ্রাম দেখেছি।’’
নিবন্ধন পাওয়ায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শুভকামনা জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘‘আমরা দেখেছি গতকাল তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। এনসিপিকে শুভকামনা জানাই। কিন্তু বাকি দুটি দল কীভাবে নিবন্ধন পেয়েছে, সেটি নিয়ে প্রশ্ন আছে। আমরা মনে করি, নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে এক নম্বর শর্ত হতে হবে রাজপথের সক্রিয়তা। কিন্তু এই সক্রিয়তা বিবেচনা না করে, শুধু কমিটি দিয়েছে, বাসা-বাড়িকে অফিস হিসেবে দেখিয়ে ছলেবলে-কৌশলে কেউ নিবন্ধন পাবে, সেটি আমরা কোনোভাবেই মানতে পারি না।’’
রাশেদ খাঁন বলেন, ‘‘আমার ব্যক্তিগত জায়গা থেকে তারেক রহমানের সাথে সংহতি জানানোর জন্য আমি এখানে এসেছি। এখন প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলব। তিনি (তারেক রহমান) অসুস্থ হয়ে পড়ছেন। প্রায় ২০ ঘণ্টার বেশি সময় ধরে তিনি অনশন করছেন। এখানে সারা রাত শুয়েছিলেন, মশার কামড় খেয়েছেন। এইভাবে একজন রাজপথের সংগ্রামী নেতা রাস্তায় শুয়ে থাকবেন, আর নির্বাচন কমিশন কোনো মন্তব্য করবে না সেটি হতে পারে না। তাদের মন্তব্য জানার জন্য, তারা কী ভাবছেন, কী করবেন সেটি জানার জন্য প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আমি কথা বলব।’’