Advertisement

কৃষক প্রতিনিধির মত নিয়ে সরকারের কেনা ধান-চালের দাম নির্ধারনের দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

কৃষক প্রতিনিধির মত নিয়ে সরকারের কেনা ধান-চালের দাম নির্ধারনের দাবি
প্রতীকী ছবি

আমন মৌসুমে সরকারের কেনা ধান ও চালের দামে ন্যায্যতা প্রতিষ্ঠা ও কৃষক প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে নির্ধারনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ২৯ জন নাগরিক।

Advertisement

আজ মঙ্গলবার ওই বিবৃতিতে বলা হয়, সরকার চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কেনার লক্ষ্যমাত্রা ধরেছে। সরকার ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিবৃতিতে বলা হয়, সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী জানান, গত বছরের তুলনায় কেজিপ্রতি ১ টাকা বাড়িয়ে ধান কেনা হবে কিন্তু সেদ্ধ এবং আতপ চালের দাম কেজিপ্রতি ১ টাকা কমিয়ে কৃষকদের কাছ থেকে তা সরাসরি সংগ্রহ করা হবে। যদি প্রয়োজন হয় তবে এরচেয়েও বেশি ধান ও চাল সরকার কিনতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই দাম নির্ধারণ প্রক্রিয়ার সাথে কৃষক প্রতিনিধিদের কোন মতামত নেওয়ার প্রয়োজনীয়তা তারা বোধ করেননি।

‘একতরফা আমলাতান্ত্রিক প্রক্রিয়ায়’ দাম নির্ধারণের যৌক্তিকতা নিয়েও বিবৃতিতে প্রশ্ন তোলা হয়। আরও বলা হয়, “কৃষককে বেশি দামে সার ক্রয় করতে হয়েছে, এছাড়া সারের সংকটতো রয়েছেই। ডিজেলের দাম বাড়ায় সেচের খরচও বেড়েছে। সার্বিকভাবে কৃষকের উৎপাদন ব্যায় ১৫ থেকে ২০ ভাগ বেড়েছে। কিন্তু সরকারের ক্রয়মূল্য নির্ধারণে এগুলো কোনোটাই বিবেচনায় নেওয়া হয়নি।”

Advertisement

বিবৃতিতে আরও বলা হয়, ধানের ক্ষেত্রে ১ টাকা বাড়ালেও সেদ্ধ চালের ক্ষেত্রে তা ১ টাকা কমানো হয়েছে। আর বিদ্যমান বাজার দরের তুলনা করলে সহজেই বোঝা যায় সরকারি আমলারা ধান-চালের যে দাম নির্ধারণ করেছেন তা বাজার দর থেকে অনেক কম এবং এর মধ্য দিয়ে দৃশ্যমানভাবে কৃষকদের ঠকানোর বন্দোবস্ত পাকাপাকি করেছেন।

বিবৃতিতে সরকারকে প্রতিশ্রুত ন্যায্যমূল্য বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে কৃষকের ফসলের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়নে অবিলম্বে ধান, চাল সংগ্রহের জন্য সরাসরি কৃষক প্রতিনিধিদের সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় ধানের দাম নির্ধারণ বিষয়ে আলোচনা এবং তাদের মতামতের ভিত্তিতে ন্যায্য ন্যূনতম মূল্য পুন:নির্ধারণ করতে হবে।”