আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়সসীমা ন্যূনতম ৪০ এবং বেসরকারি খাতের চাকরি উন্মুক্ত করার দাবি জানানো হয়েছে। এর আগে ২০২৪ সালে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকার চাকরির আবেদনের বয়সসীমা পর্যালোচনা করার জন্য প্রাক্তন সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যের একটি জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে। কমিশন পুরুষদের জন্য ৩৫ বছর এবং নারীদের জন্য ৩৭ বছর আবেদনের বয়সসীমা নির্ধারণের সুপারিশ করে।
তবে ২০২৪ সালের অক্টোবরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কমিশনের এই সুপারিশ পুরোপুরি গ্রহণ না করে চাকরির আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে সিদ্ধান্ত নেয়। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়সসীমা ন্যূনতম ৪০ করার দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন চাকরিপ্রার্থীরা।
আন্দোলনরতদের ভাষ্য, সেশনজটের কারণে দেশের অধিকাংশ শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতেই ২৭ থেকে ২৮ বছর বয়স পার করে ফেলে। পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা, ২০১৮ ও ২০১৯ সালের নিয়োগ বিজ্ঞপ্তির দীর্ঘ বিরতি, করোনাভাইরাস মহামারীকালীন স্থবিরতা এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবের কারণে বিগত বছরগুলোতে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে।
চাকরিপ্রার্থীরা বলছেন, ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৪৪ বছর এবং তখন সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ছিল ২৭ বছর। বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২.৩ বছর, অর্থাৎ গড় আয়ু প্রায় ৩০ বছর বৃদ্ধি পেলেও আবেদনের বয়সসীমা মাত্র ৫ বছর বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড এবং জনমিতিক কাঠামোর পরিবর্তনও বয়সসীমা বৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। বিশ্বের প্রায় ১৮২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর বা তার বেশি অথবা উন্মুক্ত রাখা হয়েছে।
আন্দোলনরতরা বলেছেন, বর্তমানে বাংলাদেশে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১১ কোটি ৯১ লাখ, যা মোট জনসংখ্যার প্রায় ৬৫ থেকে ৬৬ শতাংশ। এটি জনমিতিক লভ্যাংশের এক ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে। তবে সুনির্দিষ্ট বয়সসীমার বাধা এবং বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশে উন্নীত হওয়ায় এই বিপুল তরুণ শক্তি সঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।
সরকারি খাতের পাশাপাশি বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত খাতেও বয়সসীমা উন্মুক্ত করার জোরালো দাবি উঠেছে।
এখন আন্দোলনকারীরা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত বয়সসীমা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়সের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখার জন্য বলা হয়েছে, কেননা ২০১১ সালে অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হলেও প্রবেশপথে বৈষম্য রয়ে গেছে।