খুলনার রূপসা থানা এলাকায় বিশেষ অভিযান শেষে ফেরার পথে ছিনতাইকারী কোপে গুরুতর জখম হয়েছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪০)। উন্নত চিকিৎসার জন্য তাকে এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
খুলনা জেলার এ-সার্কেল অফিসে কর্মরত শাহ আলম রূপসা থানা এলাকায় বিশেষ অভিযানে অংশ নেন। অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা শাহ আলমের দুই হাতের কব্জিতে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে খবর পেয়ে খুলনা সদর থানা ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিম শাহ আলমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে।
জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, সন্ত্রাসীরা পুলিশ কর্মকর্তা শাহ আলমকে আহত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। দ্রুতই আসামিরা গ্রেপ্তার হবে।