বরিশাল বিভাগে অব্যাহত রয়েছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে প্রাণ হারানো ঐশী (৫) ঝালকাঠির শেকের হাট এলাকার বাসিন্দা। সে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১০ হাজার ২০১ জন রোগী। চিকিৎসাসেবা শেষে এদের মধ্যে ৯ হাজার ৫৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি বছরে এ বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো। বর্তমানে বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৭৮ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পিরোজপুর জেলায়, ৪৪ জন। এছাড়া বরিশাল জেলায় ২৬ জন, বরগুনায় ২১ জন, পটুয়াখালীতে ১৭ জন, ঝালকাঠিতে ১৬ জন এবং ভোলায় ১৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। পাশাপাশি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত একদিনে হাসপাতালগুলো থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৪ জন। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা।