রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক সচিব মো. মিজানুর রহমান ও অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. সেলিম রেজা।
ওই আবেদনে বলা হয়, এই তিনজনসহ পলাতক আসামিরা মামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বর্তমানে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ আছে বলে জানা যায়। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করেন এবং বিভিন্ন মাধ্যম থেকে অস্ত্রশস্ত্র ও অর্থ সংগ্রহ করে মাঠপর্যায়ে থাকা দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে দিয়েছেন। যার ফলে দেশে অরাজকতা সৃষ্টি হয়। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, গ্রেপ্তার এবং তাদের অর্থের উৎস ও অস্ত্রশস্ত্র উদ্ধারের লক্ষ্যে ১০ দিন পুলিশ হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা দরকার।
এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২২ মে দুপুর ২টার দিকে রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন সদস্য সরকারবিরোধী মিছিল করার জন্য সমবেত হন। বেলা আড়াইটার দিকে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যান। তারা দেশের সার্বিক পরিস্থিতি অস্বাভাবিক করা, জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও জনজীবন বিপন্ন করার চেষ্টা করেন। এ ঘটনায় গত ২৩ মে ধানমণ্ডি থানায় মামলা করা হয়।