Advertisement

শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের বক্তব্যে কোনো সামঞ্জস্য নেই: রুমিন ফারহানা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের বক্তব্যে কোনো সামঞ্জস্য নেই: রুমিন ফারহানা
জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন রুমিন ফারহানা। ছবি: ইউএনবি

শেখ হাসিনা ইস্যুতে বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার দেওয়া বক্তব্যের মধ্যে কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

Advertisement

গতকাল রোববার জাতীয় সংসদে ৭১ বিধির আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার দেওয়া বক্তব্যের মধ্যে আমি কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না।”

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

বাংলা সাহিত্যের একটি বিখ্যাত পঙ্‌ক্তির উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।” একইভাবে শেখ হাসিনা শারীরিকভাবে দেশে উপস্থিত না থাকলেও বিভিন্নভাবে নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলো এর সর্বশেষ উদাহরণ।”

মন্ত্রী ও উপদেষ্টাদের বক্তব্যের অসংগতির উদাহরণ তুলে ধরে রুমিন ফারহানা বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান গত ৩ নভেম্বর বলেছিলেন, শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরুন কিংবা তাকে ফিরিয়ে আনা হোক—সরকারের অবস্থান একই। সরকার তার দেশে ফেরা ঠেকাতে চায় না।

রুমিন ফারহানা উল্লেখ করেন, তিনি আরও বলেছিলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক।

তিনি বলেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সম্প্রতি বলেছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।

তিনি আরও বলেন, গত ৯ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না এবং শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

রুমিন ফারহানা বলেন, অন্য একটি প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দীবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেছেন।

অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান গত ৮ ও ১৪ নভেম্বর বলেছেন, সরকার আইনি প্রক্রিয়া অনুসরণ করছে।

রুমিন ফারহানার ভাষ্য অনুযায়ী, আইনমন্ত্রী বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন বাকি সিদ্ধান্ত ভারতের হাতে।

রুমিন ফারহানা উল্লেখ করেন আইনমন্ত্রী আরও বলেছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার কোনো সুযোগ নেই।

রুমিন ফারহানা বলেন, “মাননীয় স্পিকার, আমরা যে অসংগতিগুলো দেখতে পাচ্ছি, তা হলো প্রধানমন্ত্রীর উপদেষ্টা শেখ হাসিনার পাসপোর্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে কথা বলেছেন। অথচ পররাষ্ট্র প্রতিমন্ত্রী তা সরাসরি নাকচ করে দিয়েছেন।”

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আবেদনগুলো এখনো যাচাই করা হয়নি। অথচ একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেই আবেদনকে হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন।

রুমিন ফারহানা তার বক্তব্য শেষ করতে পারেননি। নির্ধারিত সময় শেষে তার মাইক বন্ধ হয়ে যায়। তার সময় ছিল মাত্র দুই মিনিট।