আজ থেকে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। এরইমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রচার শুরু করবে বিএনপি। এই সমাবেশে যোগ দিতে এরই মধ্যে সিলেট অবস্থান করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের সমাবেশে যোগ দেবেন।
বেলা ২টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে জনসভা করবে জামায়াতে ইসলামী। সমাবেশে দলের আমির শফিকুর রহমানসহ ১০–দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন।
সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারত কর নির্বাচনী প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)।
এছাড়া, বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে সিপিবি।
আইন অনুযায়ী, নির্বাচনী প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও।
এদিকে, ভোট যত ঘনিয়ে আসছে রাজনৈতিক মাঠে উত্তাপ ততই বাড়ছে। নির্বাচন কমিশনও তাদের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাচ্ছে।