রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত পৌনে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই সায়েম ইসলামকে (১৭) আটক করেছে পুলিশ।
নিহত সাইফুল ইসলাম সাইফ (৩৫) সিরাজুল ইসলামের ছেলে। সাইফুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।
নিহতের স্বজনরা জানান, সাইফকে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল। পাশাপাশি তিনি প্রাইভেট পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাড়ির ছাদে ছিলেন। বাসায় ছিলেন তার দুই ছেলে ও তাদের মা। একপর্যায়ে বাসার ভেতরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হয়। এ সময় ছোট ছেলে সাইম বড় ছেলে সাইফের গলায় ছুরিকাঘাত করে। পরে পরিবারের সদস্যরা সাইফকে হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।