নেপালে পোস্টাল ভোটিং চালু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং সিস্টেমের কারিগরি সহায়তা চেয়েছে দেশটির নির্বাচন কমিশন। আজ বুধবার নির্বাচন ভবনে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে পোস্টাল ভোটিং ব্যবস্থা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নেপালের নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।
নেপালও পোস্টাল ভোটিং চালু করতে চায় জানিয়ে রাজীব সুব্বা জানান, জাতীয় জিডিপিতে অবদান রাখা প্রবাসীদের নির্বাচনে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই তারা এ ব্যবস্থা চালু করতে চান।
নেপালের নির্বাচন কমিশনার বলেন, “বাংলাদেশের জন্যও কাজটা কঠিন ছিল। তবে তারা সফলভাবে কাজটা করেছে। আমরাও বিবেচনা করছি কোন পদ্ধতিতে আগানো যায়। তবে বাংলাদেশের কাছ থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করব।”
নেপালে পোস্টাল ভোটিং চালুর ক্ষেত্রে ভোটার সচেতনতা একটি চ্যালেঞ্জ হতে পারে বলে জানান দেশটির কমিশনার। নেপালে ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার রয়েছে বলেও জানান তিনি।
এর আগে বুধবার বেলা ১১টায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়।
নেপালের প্রতিনিধি দলে ছিলেন নির্বাচন কমিশনার ড. জনকী কুমারী তালুকদার ও ড. রাজীব সুব্বা, সেক্রেটারি কৃষ্ণা প্রসাদ কাপরি, সিনিয়র কম্পিউটার অফিসার অনুপ নৌপানে, ডেপুটি অ্যাটর্নি কমলা কাফলে এবং ইউএনডিপির প্রতিনিধি প্রভাত কুমারসহ আরও অনেকে।