Advertisement

ডেভিড ইমনসহ চার সহযোগী ১০ দিনের রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি

ডেভিড ইমনসহ চার সহযোগী ১০ দিনের রিমান্ডে
আদালতে পুলিশি পাহারায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ছবি: ইউএনবি

আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য দুটি মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

Advertisement

আজ রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত অস্ত্র ও হত্যা মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ চরচাকে বলেন, “মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে ফটিকছড়ি থানার একটি হত্যা ও একটি হত্যা মামলায় ৭ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক শুনানি শেষে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাকে দ্রুত সময়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।”যে দুটি মামলায় ইমনের রিমান্ডের আবেদন করা হয়, তার মধ্যে একটি গত জানুয়ারিতে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর এলাকায় গুলিতে জামায়াতে ইসলামীর কর্মী জামাল উদ্দিন হত্যা মামলা। অন্যটি গত বৃহস্পতিবার দায়ের হওয়া অস্ত্র মামলা।

এ ছাড়া ডেভিড ইমনের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চারজনেরও অস্ত্র মামলায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Advertisement

ওই চারজন হলেন মো. মিঠু ওরফে ধামা ইলিয়াস, শামীম, সাফায়েত হোসেন ও আলিফ।

গত ২৯ জুলাই চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনসহ চারজনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের গ্রেপ্তারের পর ফটিকছড়ি থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

ওই সময় চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, “ভারতে পালিয়ে যাওয়ার জন্য ইমন যশোরের দিকে যাচ্ছিল। ইমনের বিরুদ্ধে মোট ১৮টির মতো মামলা রয়েছে।”