Advertisement

মিসাইলের রেঞ্জ ২ হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মিসাইলের রেঞ্জ ২ হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিলো ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি

নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইলের সীমা দুই হাজার কিলোমিটার রাখার বাধ্যবাধকতা তুলে নিয়েছে ইরানের রেভ্যুলেশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর ফলে এখন থেকে যেসব মিসাইল তৈরি করা হবে সেগুলোর রেঞ্জ দুই হাজার কিলোমিটার থেকে বেশি থাকবে।

Advertisement

বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বির বরাতে আজ শনিবার এ তথ্য জানিয়েছেন ইরানে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

কিছুদিন আগে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনি জানিয়েছিলেন, দেশটির ওপর নতুন করে যদি কোনো হামলা হয় তাহলে তাদের পাল্টা হামলা হবে ভৌগলিক সীমার বাইরে। অর্থাৎ হামলার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা মানা হবে না।

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে বিপ্লবী গার্ডের মুখপাত্র বলেন, “মিসাইলের রেঞ্জের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এবং ইরান কথার বদলে বাস্তবে এটি করে দেখাবে।”

Advertisement

ইরানের কাছে এখনই দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল আছে কি না বা অতীতে ছিল কি না সেটি স্পষ্ট করেননি তিনি।

বর্তমানে যে দুই হাজার কিলোমিটার রেঞ্জের সীমাবদ্ধতার আওতায় রয়েছে ইউরোপের গ্রিস ও বালকান অঞ্চলের কিছু অংশ। পুরো আরব উপত্যকা এবং মিসরের বেশির ভাগ অংশ। অর্থাৎ ইরান তাদের মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় পুরোটাতেই হামলা চালাতে পারবে। এ রেঞ্জ যদি বৃদ্ধি করা হয় তাহলে তাদের মিসাইলের আওতায় চলে আসবে অন্যান্য দেশগুলোও।

চলতি বছরের মার্চে ইরান ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। যা ইরান থেকে চার হাজার কিলোমিটার দূরে। রেঞ্জেরও বাইরের অঞ্চলে মিসাইল নিক্ষেপ করায় ওই সময় প্রশ্ন উঠেছিল, ইরান কি তাহলে আরও বেশি দূরত্বে আঘাত হানার সক্ষম মিসাইল তৈরি করেছে কি না। যদিও দিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া তাদের দুটি মিসাইলই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের শঙ্কা, ইরান তাদের মহাকাশ প্রোগ্রামকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে।