Advertisement

জাল ভিসায় বিদেশে পাঠানোর মানবপাচার মামলায় গ্রেপ্তার ১

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জাল ভিসায় বিদেশে পাঠানোর মানবপাচার মামলায় গ্রেপ্তার ১
মানবপাচার মামলায় গ্রেপ্তার আসামি। ছবি: সিআইডি

ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে দুই যুবকের কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পর জাল ভিসা দিয়ে তাদের বিদেশ পাঠানোর অভিযোগে দায়ের করা মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Advertisement

গত ১১ অক্টোবর রাত ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. কামাল হোসেন (৪৭)। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলাতে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মানবপাচার চক্রের সদস্যরা বাদী ও তার পরিচিত অপর এক যুবককে উন্নত জীবন ও চাকরির প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। এ বিষয়ে প্রতিজনের সঙ্গে ৩০ লাখ টাকা করে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, ভুক্তভোগীরা বিভিন্ন সময়ে অভিযুক্তদের ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকা প্রদান করেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ২৬ মে তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইতালি যাওয়ার টিকিট ও ইতালির ভিসা দেওয়া হয়। কিন্তু তারা ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট, ভিসা ও টিকিট যাচাই করে জানতে পারে যে, পাসপোর্ট সঠিক থাকলেও পাসপোর্টে সংযুক্ত ইতালির শেনজেন ভিসাটি সম্পূর্ণ জাল।

Advertisement

এরপর ইতালির ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে এবং পরবর্তীতে গত ২৮ মে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। দেশে ফিরে ভুক্তভোগীরা ঘটনার বিস্তারিত জানিয়ে ৩০ মে ডিএমপির বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা (নম্বর- ২৭) দায়ের করেন।

সিআইডি জানায়, মামলাটির তদন্তকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. কামাল হোসেনকে শনাক্ত করা হয়। পরে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্য ও মূল হোতাদের শনাক্তকরণ, অর্থ লেনদেন এবং ঘটনার নেপথ্যের অন্যান্য বিষয় খতিয়ে দেখতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।