জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে।”
আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ইসি সচিব বলেন, ‘‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’
ইসি সচিব জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে। নিবন্ধন–সংক্রান্ত নথিপত্র এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতিমধ্যে এক ধাপ এগিয়েছে।
সচিব আরও বলেন, ‘‘এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে। নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে।’’
এনসিপি শাপলার পাশাপাশি সাদা শাপলা ও লাল শাপলাও প্রতীক হিসেবে চেয়ে রেখেছে।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছিলেন, তার দল শাপলার দাবি ছাড়বে না।