চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসী ধরতে গিয়ে ‘গোলাগুলিতে’ ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর দক্ষিণ কদলপুর জয়নগর এলাকায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দিলদার হোসেন (৩৭) নামে একজনকে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
পুলিশসূত্রে জানা যায়, রাউজানে একটি চক্র বিভিন্ন সময়ে লোকজনদের কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ ছিল। সন্ত্রাসীরা গত ২৫ সেপ্টেম্বর আবু বক্কর চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে।
এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গতকাল বুধবার রাতে কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়া পাড়ায় জানে আলমের বাড়িতে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম চরচাকে বলেন, “এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে গুলিবিদ্ধ অবস্থায় দিলদারকে আটক করি। সন্ত্রাসীদের হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।”
এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘দিলদারের দেওয়া তথ্যে পুলিশ ওই বাড়ি থেকে একটি দোনলা ও একটি একনলা বন্দুক, ১১৯ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি, ছয় রাউন্ড কার্তুজ ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে।’’