Advertisement

এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এমপি নুসরাতের বাড়িতে আগুন, ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
আগুনে পুড়ে গেছে নুসরাত তাবাসসুমের বাড়ি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় নুসরাত নিজেই মামলাটি করেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

Advertisement

পুলিশ জানায়, আসামিদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এর আগে বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে দৌলতপুরের বাগুয়ান গ্রামে সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে আগুন লাগে। এতে টিনশেডের বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে।

নুসরাতের অভিযোগ, পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা পেট্রলবোমা ছুড়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে ইউএনবি জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে এজাহারে নামীয় আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

এদিকে, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রাথমিক তদন্তে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকার সম্ভাবনা পাওয়া গেছে বলে জানান তিনি। তবে ঘটনাটি নাশকতা কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।