প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। এটি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে এক ছাতার নিচে আনার একটি বড় উদ্যোগ।
এটি কোনো নতুন আলাদা সুবিধার কার্ড নয়। বরং সরকারের বিভিন্ন খাতে চালু থাকা একাধিক সামাজিক সুরক্ষা কার্ডকে একত্রিত করে একটি একক কার্ড বানানোর পরিকল্পনা। এর মাধ্যমে নাগরিকরা এক কার্ডেই সরকারি বিভিন্ন সুবিধা পাবেন।
বর্তমানে যেসব কার্ড চালু আছে বা চালু করা হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড, ই-হেলথ কার্ড। এছাড়া, প্রবাসী কার্ড এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য বিশেষ কার্ডেরও উল্লেখ রয়েছে।
প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব আলাদা কার্ডের সমন্বয়ে ভবিষ্যতে ‘ইউনিভার্সাল কার্ড’ চালু করা হবে। সরকারের লক্ষ্য হলো শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনীতির গণতন্ত্রায়নও নিশ্চিত করা। অর্থাৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির সুফল যাতে প্রতিটি পরিবার ও নাগরিকের কাছে পৌঁছায়। বিভিন্ন কার্ড আলাদা থাকলে সুবিধাভোগীদের একাধিক জায়গায় ধরনা দিতে হয়, দুর্নীতি ও জটিলতার সুযোগ থাকে। একক কার্ডে সব সুবিধা একত্রিত করলে প্রক্রিয়া সহজ হবে এবং স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এই পরিকল্পনা সরকারের পক্ষ থেকে আগেও উল্লেখ করা হয়েছিল। গত জুলাইয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ইউনিভার্সাল কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন। ওই সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্ডসহ বিভিন্ন সরকারি সেবা ও আর্থিক সুবিধা পর্যায়ক্রমে একটি ‘ইউনিভার্সাল কার্ডে’ একীভূত করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “সরকারের লক্ষ্য হলো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য চালু থাকা সব ধরনের সুবিধা একটি কার্ডের আওতায় নিয়ে আসা, যাতে নাগরিকরা সহজে রাষ্ট্রীয় সেবা পান।”
ওই সময় তিনি বলেন, “সবগুলোকে একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সে জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির কার্ড- সবকিছু আমরা ‘ইউনিভার্সাল কার্ড’ নামে একটি কার্ডের ভেতরেই নিয়ে আসব।”
জাতিসংঘের মঞ্চে তিনি আবারও এটি তুলে ধরেছেন। তবে এই কার্ড এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে। কখন চালু হবে, কীভাবে কাজ করবে, কী কী সুবিধা একত্রিত হবে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশিকা এখনো প্রকাশিত হয়নি। সরকার বলছে, এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
ইউনিভার্সাল কার্ড হলো বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে একত্রিত করার একটি একক পরিচয়পত্র বা সুবিধা কার্ডের পরিকল্পনা। এর মাধ্যমে নাগরিকরা একাধিক কার্ডের ঝামেলা ছাড়াই সরকারি সহায়তা পাবেন বলে সরকার দাবি করছে।