Advertisement

একটি আইকনিক ছবির ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একটি আইকনিক ছবির ইতিহাস
৩৯ বছর আগে জীবন্ত পোস্টার হয়ে ওঠা নূর হোসেনই মিছিলে হাঁটার কয়েক মুহূর্ত পর প্রাণ হারিয়েছিলেন পুলিশের গুলিতে। ছবি: পাভেল রহমান

ছবিটি যেন এক জীবন্ত পোস্টার।

Advertisement

বুকে সাদা রঙ দিয়ে লেখা—‘স্বৈরাচার নিপাত যাক’

পিঠে একইভাবে লেখা—‘গণতন্ত্র মুক্তি পাক’

ছবিটি শহীদ নূর হোসেনের।

Advertisement

৩৯ বছর আগে জীবন্ত পোস্টার হয়ে ওঠা সেই নূর হোসেনই মিছিলে হাঁটার কয়েক মুহূর্ত পর প্রাণ হারিয়েছিলেন পুলিশের গুলিতে। ফটো সাংবাদিকেরা বুকে–পিঠে স্লোগান লেখা নূর হোসেনের ছবি তুলেছিলেন কৌতূহল নিয়ে। কিন্তু তারা সেই সময় কল্পনাও করতে পারেননি তাদের তোলা ছবিই এক সময় বাংলাদেশের রাজনীতি আর গণতান্ত্রিক আন্দোলনের আইকনে পরিণত হবে। বুকে–পিঠে স্লোগান লিখে মিছিলে হাঁটা সেই নূর হোসেনই হয়ে উঠবেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস!

ছবি: দিনু আলম
ছবি: দিনু আলম

১৯৮৭ সালের ১০ নভেম্বর। দেশের ক্ষমতার মসনদে তখন সামরিক স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে বিরোধী রাজনৈতিক দলগুলো সেদিন ডাক দিয়েছিল ঢাকা অবরোধের। সেই অবরোধ ঠেকাতে ঢাকা শহরে মোতায়েন করা হয়েছিল হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনি বিডিআর।

কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করেই ঢাকার রাজপথে নেমেছিলেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। নূর হোসেন ছিলেন একটি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের কর্মী। পেশায় তিনি ছিলেন অটোরিকশা চালক। সেদিন আন্দোলনের দ্রোহে মাঠে নেমেছিলেন পোস্টার হয়ে। কিন্তু তিনি জানতেন না, বুকে–পিঠে লেখা স্লোগানই হয়ে উঠবে স্বৈরাচারের মাথাব্যথার কারণ। গুলিতে প্রাণ হারাতে হবে তাঁকে।

১৯৮৭ সালের ১০ নভেম্বরের একটি দৃশ্যপট। ছবি: দিনু আলম
১৯৮৭ সালের ১০ নভেম্বরের একটি দৃশ্যপট। ছবি: দিনু আলম

ঢাকার জিরো পয়েন্টে পুলিশের গুলিতে মারা যান শহীদ নূর হোসেন। মিছিলে হাঁটার সময় কৌতূহলের কারণেই নূর হোসেনের বেশ কিছু ছবি তুলেছিলেন কমপক্ষে তিনজন ফটোসাংবাদিক। এঁদের মধ্যে আছেন সেই সময় ইংরেজি দৈনিক নিউ নেশনের চিফ ফটোগ্রাফার পাভেল রহমান, সেই সময় ফ্রি ল্যান্স ফটো সাংবাদিক হিসেবে কাজ করা দিনু আলম ও আরেক ফটো সাংবাদিক মিজানুর রহমান। পেছন দিক দিয়ে তোলা ছবিগুলো তুলেছিলেন পাভেল রহমান। পিঠে গণতন্ত্র মুক্তি পাক লেখা যে ছবিগুলো, সেগুলো তারই তোলা। সামনের দিক দিয়ে তোলা ছবিগুলো তুলেছিলেন দিনু আলম। বুকে লেখা ছিল— স্বৈরাচার নিপাত যাক। গুলি বিদ্ধ হওয়ার পর নূর হোসেনকে রিকশায় তোলার একটি ছবি তুলেছিলেন মিজানুর রহমান।

১৯৮৭ সালের ১০ নভেম্বর ছিল এমনই উত্তাল। ছবি: দিনু আলম
১৯৮৭ সালের ১০ নভেম্বর ছিল এমনই উত্তাল। ছবি: দিনু আলম

দিনু আলম আশির দশকের শেষ দিকেই পাড়ি জমিয়েছিলেন কানাডায়। তিনি নূর হোসেনের ছবি ছাড়াও সেদিন রাজনৈতিক সংঘাতের বেশ কিছু ছবি তুলেছিলেন। ২০২২ সালে দিনু আলম তার নিজের ছবিগুলো কপিরাইট ফ্রি করে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। পাভেল রহমান তার অনেক লেখায় তার তোলা নূর হোসেনের ছবি পরবর্তী কালে কীভাবে দেশের রাজনীতি ও গণতন্ত্রের প্রতীক হয়ে উঠল, তার বর্ণনা দিয়েছেন।

বুকে পিঠে স্লোগান লিখে মিছিলে হাঁটা, কৌতূহলবশত ফটোসাংবাদিকদের ক্লিক, এর মিনিট পাঁচেক পরই নূর হোসেনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ। পুরো প্রক্রিয়াটাই যেন এক ইতিহাস।

১০ নভেম্বর নূর হোসেনের সেই আইকনিক ছবিটির ইতিহাস তৈরির দিন।