Advertisement

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস কে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস কে?
এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস। ছবি: এনভিডিয়ার ওয়েবসাইট থেকে নেওয়া

বিশ্বের পরিচিত প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করার পর অন্তর্বর্তী সিইওর দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে বিশ্বব্যাপী এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এই প্রযুক্তিপ্রতিষ্ঠান।

Advertisement

২০১৩ সাল থেকে এনভিডিয়ায় কাজ করছেন ক্রেস। ৫৯ বছর বয়সী কোলেট ক্রেস এর আগে টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মাইক্রোসফট ও সিসকোর অর্থ বিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। এনভিডিয়ার ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশের আলোচনায়ও নিয়মিত অংশ নেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে এসব তথ্য।

টেক্সাস ইনস্ট্রুমেন্টস থেকে এনভিডিয়া

কোলেট ক্রেসে কাজ শুরু করেন প্রযুক্তিপ্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্টসে। সেখানে আট বছর অর্থ বিভাগে বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। এরপর ১৯৯৭ সালে যোগ দেন মাইক্রোসফটে। প্রতিষ্ঠানটিতে ১৩ বছর কাজ করার পর ২০০৬ সালে তিনি মাইক্রোসফটের সার্ভার অ্যান্ড টুলস বিভাগের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হন। এ দায়িত্বে বিভাগের আর্থিক কৌশল, পরিকল্পনা ও প্রতিবেদন তৈরির কাজ তদারক করতেন তিনি।

Advertisement

২০১০ সালে সিসকোতে যোগ দেন ক্রেস। সেখানে তিন বছর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস টেকনোলজি অ্যান্ড অপারেশনস ফাইন্যান্স বিভাগের সিএফও হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে যোগ দেন তিনি।

ক্রেস ইউনিভার্সিটি অব অ্যারিজোনা থেকে ফিন্যান্সে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি নিয়েছেন।

এনভিডিয়ায় ১৩ বছরের দায়িত্ব

এনভিডিয়ায় যোগ দেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক বিভাগের নেতৃত্ব দিয়ে আসছেন ক্রেস। কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ ও রূপান্তরের সময় তিনি অর্থ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তার যোগ দেওয়ার অর্থবছর ২০১৪ সালে এনভিডিয়ার আয় ছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। আর ২০২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ২১৫ দশমিক ৯ বিলিয়ন ডলারে। এই সময়ে প্রতিষ্ঠানটি গেমিং গ্রাফিকস চিপের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টারের চিপের বাজারেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির ত্রৈমাসিক আর্থিক ফলাফল প্রকাশের সময় জেনসেন হুয়াংয়ের সঙ্গে বিভিন্ন আয়-সংক্রান্ত আলোচনাতেও অংশ নিয়েছেন ক্রেস। ফলে এনভিডিয়ার আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের বিষয়ে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

মাইক্রোসফটে ছিলেন আড়ালে

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পাওয়ার আগে কোলেট ক্রেস প্রযুক্তি খাতের পরিচিত মুখ ছিলেন না। মাইক্রোসফটে ১৩ বছর কাজ করলেও সে সময় তাকে নিয়ে সংবাদমাধ্যমে খুব বেশি আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রের সিয়াটল অঞ্চলের সংবাদমাধ্যমের পুরোনো আর্কাইভে তার নামের একটি উল্লেখ পাওয়া যায়। ২০০৭ সালে মাইক্রোসফটের বাজেট ব্যবস্থাপনার সফটওয়্যার নিয়ে হোটেল ১০০০-এ আয়োজিত একটি সেমিনারে বক্তা হিসেবে তার নাম ছিল। এমন তথ্য জানাচ্ছে মার্কিন প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গিকওয়্যার।

তবে বড় প্রতিষ্ঠানের কোনো বিভাগের অর্থ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সাধারণত জনসমক্ষে খুব বেশি দেখা যায় না। ক্রেসও ছিলেন তেমনই একজন কর্মকর্তা। মাইক্রোসফটের সার্ভার অ্যান্ড টুলস বিভাগের সিএফও হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বিভাগটি উইন্ডোজ সার্ভার, এসকিউএল সার্ভার ও ভিজ্যুয়াল স্টুডিওর মতো পণ্য নিয়ে কাজ করত।

নতুন দায়িত্বে প্রথম বড় পরীক্ষা

এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রেসের সামনে প্রথম বড় পরীক্ষা খুব দ্রুতই আসছে বলে মনে করে গিকওয়্যার। সংবাদমাধ্যমটি আরও জানায় প্রতিষ্ঠানটি আগামী ১৭ নভেম্বর ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা। একই দিন প্রশান্ত মহাসাগরীয় সময় দুপুর ২টায় ফলাফল নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ওয়াল স্ট্রিটের বিশ্লেষক ড্যান আইভস এক নোটের বরাত দিয়ে গিকওয়্যার জানায়, এনভিডিয়ার ভেতরে ও বাইরে ক্রেসের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। তার মতে, ক্রেস একসময় বড় কোনো প্রযুক্তিপ্রতিষ্ঠানের সিইও হবেন বলে তারা ধারণা করেছিলেন।