Advertisement

পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
এনডিভিয়ার প্রধান জেনসেন হুয়াং। ছবি: এআই দিয়ে তৈরি

একজন ‘কথিত’ চীনা গুপ্তচর এবং কোম্পানির একজন কর্মীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং।

Advertisement

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পরবর্তী সিইও নির্বাচিত না হওয়া পর্যন্ত এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তীকালীন ভিত্তি হুয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন।

হুয়াংয়ের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে কোম্পানিকে ঘিরে তৈরি হওয়া গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারি এবং ব্যক্তিগত আচরণের বিষয়গুলো উল্লেখ করা হয়নি। এর বদলে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কোম্পানিতে হুয়াংয়ের ‘অসামান্য’ অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, “এনভিডিয়ার প্রতি জেনসেনের অবদান অত্যন্ত গভীর। এনভিডিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি কোম্পানি। কোম্পানি এবং এই শিল্পখাতে জেনসেনের অপরিমেয় অবদানের জন্য পরিচালনা পর্ষদ এবং কোম্পানি তাকে ধন্যবাদ জানায়।”

চলতি সপ্তাহের শুরুতে নারী ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সাথে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি সামনে আসে। এই ঘটনার পর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ এই বিষয়ে একটি ‘পুঙ্খানুপুঙ্খ এবং স্বাধীন’ তদন্ত পরিচালনার জন্য শীর্ষস্থানীয় আইনি প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটি তদন্ত চলাকালীন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার নেতৃত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

তবে গতকাল বুধবার গভীর রাতে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় যে, কিম্বার্লি পাওয়েল নামে কোম্পানির এক কর্মীর সাথেও হুয়াংয়ের আলাদা একটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তিনি এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের প্রেসিডেন্ট ছিলেন এবং জানা গেছে যে, গত মার্চ মাসে কোম্পানির একটি সম্মেলন চলাকালীন একটি হোটেলে হুয়াংয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় তার ভিডিও ধারণ করা হয়েছিল।

বুধবার গভীর রাতে পরিচালনা পর্ষদের বৈঠকের সময় এই প্রতিবেদনটি হুয়াংয়ের ওপর চাপ আরও বাড়িয়ে দেয়।

কেলেঙ্কারির খবর সামনে আসার সাথে সাথে এনভিডিয়া এবং হুয়াং—উভয়ই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদন প্রকাশ করার পর, আজ বৃহস্পতিবার প্রি-মার্কেট ট্রেডিংয়ে কোম্পানিটির শেয়ারের দর প্রায় ৭ শতাংশ কমে যায়।