Advertisement

কেমন দেখতে ছিলেন মিসির আলি?

কেমন দেখতে ছিলেন মিসির আলি?
হুমায়ূন আহমেদ। ছবি: সুদীপ্ত সালাম

গল্পের জাদুকর বলা হতো হুমায়ূন আহমেদকে। তার লেখালেখির জীবনে কত যে চরিত্র তিনি তৈরি করেছেন! উপন্যাসে, ছোটগল্পে, টেলিভিশন নাটকে কিংবা সিনেমায়! মিসির আলি নিঃসন্দেহে হুমায়ূন আহমেদের হাত থেকে বের হওয়া এক অনন্য চরিত্র। কিন্তু কখনো ভেবে দেখেছেন মিসির আলির চেহারা কেমন? হুমায়ূন আহমেদ কি মিসির আলির চেহারার কোনো বর্ণনা তার লেখায় দিয়েছেন?

Advertisement

১৯৮৯-৯০ সালের দিকে বাংলাদেশ টেলিভিশনে মিসির আলির গল্প নিয়ে অদেখা ভুবন নামে দুই পর্বের একটি সিক্যুয়েল নাটক প্রচারিত হয়েছিল। বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছিলেন মিসির আলি সেই নাটকে। মিসির আলির চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। আবুল হায়াত একজন মনস্তাত্ত্বিক বিশ্লেষক হিসেবে মিসির আলির যে চরিত্রটি নিজের মধ্যে তুলে এনেছিলেন, সেটাতে মিসির আলির একটু খ্যাপাটে, একটু পাগলাটে স্বভাব দেখানো হয়েছিল।

আবুল হায়াত মিসির আলিকে যেভাবে তুলে ধরেছিলেন, নাটকটি জনপ্রিয় হওয়ার কারণে ওই প্রজন্মের অনেক পাঠকই হুমায়ূন আহমেদের মিসির আলি বিষয়ক লেখা পড়ার সময় সেই নাটকে আবুল হায়াতের চেহারাটাই কল্পনা করে নেন।

কিন্তু জানেন নাটকে আবুল হায়াত যেভাবে মিসির আলির চরিত্রে অভিনয় করেছিলেন, হুমায়ূন আহমেদের সেটা ভালো লাগেনি। একজন লেখকম যেকোনো চরিত্র তৈরির সময় স্বাভাবিকভাবেই একটা চেহারা কল্পনা করে নেন। মিসির আলির ক্ষেত্রে হুমায়ূন আহমেদও নিশ্চয়ই তেমন কিছুই করেছিলেন। কিন্তু ১৯৮৯-৯০ সালের দিকে বিটিভির নাটকে যখন মিসির আলি জীবন্ত হয়ে উঠলেন, তখন সেই চেহারার সঙ্গে হুমায়ূন আহমেদের কল্পনা মেলেনি।

Advertisement

হুমায়ূন আহমেদ নিজে মিসির আলির চেহারা নিয়ে কী লিখেছেন?

তার আত্মজৈবনিক লেখার সংকলন ‘আপনারে আমি খুঁজিয়া বেড়াই’-এ মিসির আলি সম্পর্কে তার কথা এমন, “মিসির আলি মানুষটা দেখতে কেমন? আমি ঠিক জানি না। জানলে বইয়ে তার চেহারার বর্ণনা থাকত। তেমন কোনো বর্ণনা নেই। চশমা পরেন, এটা বলা হয়েছে। চশমা তো আর চেহারার বর্ণনা হবে না। চশমা অনেকেই পরেন। বলা হয়েছে তীক্ষ্ণ চোখে তিনি তাকান। সেই তীক্ষ্ণ চোখও তো কারোর বোঝার উপায় নেই। কারণ চোখ ঢাকা থাকে চশমার মোটা কাচের আড়ালে। মানুষটার কি মাথাভর্তি চুল? না-কি টাক-মাথা? চুলের কথা কোনো উপন্যাসে বলিনি। তবে চুল আছে। চুল যে আছে, সেটা বুঝলাম মিসির আলিকে নিয়ে প্রচারিত দু’টা টিভি নাটকে। নাটক দুটিতে মিসির আলির চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আবুল হায়াত। টেকো মিসির আলিকে দেখে চমকে উঠলাম। চেঁচিয়ে বলতে ইচ্ছা করল, না না মিসির আলির মাথায় টাক নেই। তার মাথা ভর্তি ঘন চুল। এখন বললে তো হবে না, বইয়ে কিছু বলিনি।”

হুমায়ূন লিখেছেন, “মিসির আলিকে নিয়ে যখন কিছু লিখি তখন কি কোনো চেহারা আমার মনে ভাসে? সচেতনভাবে কিছু ভাসে না। অবচেতন মনে নিশ্চয়ই ছবি আঁকা থাকে। সেই ছবি সাধারণ মানুষের ছবি। অন্তর্মুখী একজন মানুষ, যিনি বই পড়তে ভালোবাসেন। অন্তর্মুখী মানুষরা অন্যদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন না, কিন্তু মিসির আলি পছন্দ করেন। প্রায়ই দেখা যায়—আগ্রহ নিয়ে তিনি অনেককে অনেক কিছু জিজ্ঞেস করেন। অন্তর্মুখী মানুষ এই কাজটি কখনো করবে না।”

মিসির আলির যে বর্ণনা তার কাহিনিগুলোতে পাওয়া যায় তাতে তার কি কি গুণ বর্ণনা করা হয়েছে আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন। হুমায়ূন আহমেদের লেখায় মিসির আলিকে আমরা পাই একজন প্রচণ্ড কৌতূহলী মানুষ হিসেবে। যিনি যেকোনো জিনিস সম্পর্কে জানতে চান, বুঝতে চান। কোনো কিছু তার মাথায় এলে তিনি সেটা জানেন, বোঝেন। কোনো বিষয় সম্পর্কে জানতে, বুঝতে তিনি হঠাৎ করেই নাটকীয় কিছু করে বসেন। কৌতূহল মেটানোর জন্য প্রয়োজনীয় পরিশ্রমটা তিনি করেন। আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে, মিসির আলির বিস্ময়বোধ। যেহেতু কৌতূহলী মানুষ, তাই মিসির আলি বিস্মিত হন প্রায়ই।

হুমায়ূন আহমেদ নিজেই লিখেছে, মিসির আলির কাহিনি লেখার সময় তার মাথায় একজন খুব সাধারণ মানুষ থাকত। তিনি ভীষণ জ্ঞানী অথচ, খুবই সাধারণ। তিনি বাড়িতে থাকলে সাধারণ মানুষের মতোই লুঙ্গি, গেঞ্জি পরেই থাকেন। তবে মিসির আলিকে আমরা একজন নিঃসঙ্গ ব্যক্তি হিসেবেই পাই। বেশ কিছু কাহিনিতে তিনি একাই বাড়িতে থাকেন, কিছু কাহিনিতে তার সঙ্গী হিসেবে কাজের ছেলে বা মেয়েকে এনেছেন লেখক হুমায়ূন আহমেদ।

মিসির আলির চরিত্রের সবচেয়ে মজা হচ্ছে, এই চরিত্রটিকে পাঠক নিজের মতো করে যেভাবে খুশি ভাবতে পারেন। হয়তো এই চরিত্রে নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, কিন্তু বাংলা সাহিত্যের অন্য সব কালজয়ী চরিত্রগুলোর যেমন একটা নির্দিষ্ট অবয়ব আছে, মিসির আলির ক্ষেত্রে সেটা নেই। মিসির আলিকে ভাবার, কল্পনা করার অবারিত সুযোগ পাঠককে করে দিয়েছেন হুমায়ূন আহমেদ।

আর্থার কোনান ডয়েল শার্লক হোমসকে একটা চেহারা দিয়েছেন। তার লেখা কাহিনিগুলো যখন প্রকাশিত হয়েছে, কোনান ডয়েলের বর্ণনা অনুযায়ী বইয়ের অলংকরণ যিনি করেছেন, তিনিও পাঠকের সামনে শার্লক হোমসকে একটা চেহারায় হাজির করেছেন। মাথায় ক্যাপ, মুখে পাইপ, শরীরে ওভারকোট—শার্লক হোমসের একটা আইকন কিন্তু আছে। সত্যজিৎ রায়ের গোয়েন্দা চরিত্র ফেলুদা বা প্রদোষ চন্দ্র মিত্রকে নিজেই এঁকেছেন সত্যজিৎ রায়। ফেলুদার দুই সঙ্গী তার খুড়তুতো ভাই তপেশ আর বন্ধু লালমোহন গাঙ্গুলী ওরফে জটায়ুরও একটা অবয়ব এঁকেছেন সত্যজিৎ রায়। সত্যজিৎ নিজে ফেলুদা নিয়ে দুটি ছবি করেছেন, সেখানে বইয়ের পাতা থেকে উঠে না এলেও আচারে-ব্যবহারে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিতের বর্ণনা করা ফেলুদা ম্যানারিজমটা ঠিক রেখেছেন।

এরপর ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। সবার চেহারাতেই সত্যজিৎ রায়ের তৈরি করা ম্যানারিজমটা ছিল। শরদিন্দুর ‘সত্যান্বেষী’ ব্যোমকেশ বক্সীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু হুমায়ূন আহমেদের মিসির আলি কাহিনিতে মিসির আলির কোনো আঁকা ছবি নেই। হুমায়ূনের বর্ণনাও রহস্যাবৃত।

হুমায়ূন আহমেদ হয়তো এই জায়গাতেই আলাদা। মিসির আলির মতো এক কালজয়ী চরিত্র তিনি তৈরি করেছেন বটে, কিন্তু পাঠককে অবারিত সুযোগ করে দিয়েছেন মিসির আলিকে নিজেদের মতো করে ভাবার। মিসির আলিকে নিয়ে কল্পনাশক্তির সর্বোচ্চ চূড়ায় নিজেদের নিয়ে যাওয়ার।

হুমায়ূন আহমেদ আমাদের নিয়ে যেতেন কল্পনার রাজ্যে। তিনি ছিলেন সেই রাজ্যের রাজা!