Advertisement

কম রাজস্ব ও বাড়তি আর্থিক চাপে উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে: বিশ্বব্যাংক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

কম রাজস্ব ও বাড়তি আর্থিক চাপে উন্নয়ন ব্যয় সংকুচিত হচ্ছে: বিশ্বব্যাংক
ছবি: ইউএনবি

দেশে রাজস্ব আদায় কম, পরিচালন ব্যয় বাড়ছে এবং জ্বালানি খাতের আর্থিক চাপ ক্রমেই তীব্র হচ্ছে। এতে উন্নয়ন ব্যয়ের সক্ষমতা কমে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতে প্রয়োজনীয় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement

‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়ন খাতে বিনিয়োগের সুযোগ বাড়াতে রাজস্ব আহরণ জোরদার, সরকারি ব্যয়ের দক্ষতা ও বরাদ্দের মান উন্নয়ন এবং জ্বালানি খাতের আর্থিক ঝুঁকি মোকাবিলায় অবিলম্বে ও ধারাবাহিকভাবে সাজানো রাজস্ব সংস্কার প্রয়োজন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় আরও দক্ষ ও লক্ষ্যভিত্তিক ভর্তুকি দেওয়ার সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব সংস্কারকে দেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের অন্যতম প্রধান ভিত্তি করতে হবে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার সরকারের লক্ষ্য অর্জনেও এ সংস্কার অপরিহার্য।

প্রতিবেদনে দেখা গেছে, তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না দেশের অর্থনীতি। কর্মক্ষম বয়সী নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমশক্তির বাইরে রয়েছে। অন্যদিকে, দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করে।

দক্ষতা উন্নয়ন, অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে সরকারের দীর্ঘদিনের অপর্যাপ্ত বিনিয়োগের কারণে কর্মসংস্থান সৃষ্টির গতি কমেছে। এতে বেসরকারি খাতের বিকাশও বাধাগ্রস্ত হয়েছে।

দেশে রাজস্ব আহরণের পরিমাণ এখনো অত্যন্ত কম। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ ছিল কর রাজস্ব। একই সময়ে মোট রাজস্বের পরিমাণ ছিল জিডিপির ৮ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অর্ধেকেরও কম।

সরকারি বিনিয়োগের সুযোগও সংকুচিত হয়েছে। ২০২২ অর্থবছরে জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ থাকলেও ২০২৫ অর্থবছরে মূলধনী ব্যয় কমে ২ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২৫ অর্থবছরে শিক্ষাখাতে ব্যয় ছিল জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশ, যা সমপর্যায়ের দেশগুলোর তুলনায় অনেক কম।

ঋণের সুদ পরিশোধের ব্যয়ও বাড়ছে। ২০১৭ অর্থবছরে জিডিপির ১ দশমিক ৫ শতাংশ থাকলেও ২০২৬ অর্থবছরে এ ব্যয় আনুমানিক ২ দশমিক ৬ শতাংশে পৌঁছাবে। এ ছাড়া দেশীয় ব্যাংক থেকে সরকারের বিপুল পরিমাণ ঋণ গ্রহণের কারণে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানিখাতের ভর্তুকি সরকারের আর্থিক চাপ ক্রমেই বাড়াচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরে জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ অর্থবছরে ১ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্ববাজারে সাম্প্রতিক জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এ ব্যয় আরও বাড়তে পারে।

রাজস্ব ব্যয়ের সক্ষমতা বাড়াতে রাজস্ব ব্যবস্থাপনা জোরদার এবং কর প্রশাসনের আধুনিকায়নের আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। এ ক্ষেত্রে করনীতি প্রণয়ন ও কর প্রশাসনের দায়িত্ব পৃথক করা, ডিজিটাল ব্যবস্থাগুলোর সমন্বয় এবং একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া, কর অব্যাহতির সুযোগ সীমিত করা এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য কর সংস্কারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ অর্থবছরে কর অব্যাহতির কারণে সরকারের রাজস্ব ক্ষতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা মোট কর রাজস্বের প্রায় সমান।

জ্বালানিখাতে ব্যয়ের ক্ষেত্রে ব্যয়-সামঞ্জস্যপূর্ণ ও সুনির্দিষ্ট নিয়মভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি চালুর আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে আরও শক্তিশালী ও স্বাধীন জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা গড়ে তোলার সুপারিশ করেছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতি সংস্কারের সময় দরিদ্র পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ জন্য সার্বিক ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা, শক্তিশালী সামাজিক নিবন্ধন ব্যবস্থা এবং ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহারের সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনের হিসাব অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা কমানো নয়, বরং তাদের সহায়তা কার্যক্রম আরও কার্যকর করাই সংস্কারের লক্ষ্য হওয়া উচিত বলে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।

এ ছাড়া, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে আরও বেশি বিনিয়োগ এবং সরকারি ব্যয়ের মান উন্নয়নের আহ্বান জানানো হয়েছে। সংস্কারের মাধ্যমে সৃষ্ট অতিরিক্ত আর্থিক সক্ষমতা এসব খাতে বিনিয়োগ করতে হবে। এ জন্য পরিকল্পনা ও বাজেট প্রণয়ন ব্যবস্থারও উন্নয়ন প্রয়োজন।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানো, বুদ্ধিমত্তার সঙ্গে ভর্তুকি লক্ষ্যভিত্তিক করা, সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতির সংস্কার করা গেলে দেশের বার্ষিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

প্রস্তাবিত সংস্কার পুরোপুরি বাস্তবায়ন করা হলে ২০২৫ অর্থবছরে জিডিপির ৮ শতাংশ থাকা রাজস্ব আয় ২০৩৫ অর্থবছরে বেড়ে ১৪ দশমিক ৪ শতাংশে পৌঁছাতে পারে। সীমিত সংস্কার করা হলে এ হার হবে ১০ শতাংশ।

একই সময়ে সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশে উন্নীত হতে পারে। তবে পুরো সময়জুড়ে বাজেট ঘাটতি ৫ শতাংশের নিচে থাকবে এবং ২০৩৫ অর্থবছরে তা কমে ৩ দশমিক ৬ শতাংশে দাঁড়াবে।

বিশ্বব্যাংক বলেছে, এসব সংস্কার বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা এবং আরও বেশি ও উন্নত কর্মসংস্থান সৃষ্টির ভিত্তি গড়ে তুলবে।