অস্কার কোয়ালিফাইং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেল বাংলাদেশি নির্মাতা নাহিদ হাসানের স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘সুবল’। ভারতের বৃহত্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব ‘ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’ (বিআইএসএফএফ)-এর ২০২৬ আসরে মর্যাদাপূর্ণ ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে প্রদর্শিত হতে যাচ্ছে ১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বাধীন চলচ্চিত্রটি।
আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবেই বিশ্বজুড়ে প্রথমবারের মতো প্রদর্শিত হবে (ওয়ার্ল্ড প্রিমিয়ার) ছবিটি।
উল্লেখ্য, বিআইএসএফএফ ভারতের একমাত্র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, যা সরাসরি একাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের জন্য যোগ্যতা অর্জন বা ‘কোয়ালিফাইং’ হিসেবে কাজ করে।
‘সুবল’ চলচ্চিত্রটির রচনা, পরিচালনা ও প্রযোজনার কাজ করেছেন নাহিদ হাসান নিজেই। একজন বাউল শিল্পীর জীবনের টানাপোড়েন ও যাত্রাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবিটির গল্প। এর মধ্য দিয়ে বাস্তুচ্যুতি, অতীত স্মৃতি এবং মানুষ ও তার শিকড়ের মধ্যকার সূক্ষ্ম সম্পর্ককে পর্দায় রূপ দেওয়া হয়েছে। সামাজিক বাস্তবতাবাদ ও পর্যবেক্ষণমূলক চিত্রভাষার সুনিপুণ সংমিশ্রণে এতে ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক বাংলাদেশের মানুষের নিজস্ব পরিচয় ও টিকে থাকার লড়াইয়ের গল্প।
অপ্রচলিত ও নবাগত অভিনয়শিল্পীদের নিয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে বাংলাদেশে ছবিটি চিত্রায়িত হয়েছে। চলচ্চিত্রটি নির্মাণে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মাত্রা; এটি বাংলাদেশ ও জার্মানির একটি যৌথ সৃজনশীল প্রয়াস। বিশ্বখ্যাত জার্মান প্রযোজক ক্রিস্তফ থোকে ছবিটির সহ-প্রযোজক এবং ইয়ানিক থোকে এতে সহযোগী প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন।
এই অর্জন প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক নাহিদ হাসান বলেন, ‘‘বিআইএসএফএফের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী উৎসবে আমাদের ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়া অত্যন্ত আনন্দের ও সম্মানের। সুবল শুধু বাংলাদেশের দর্শকের মনেই নয়, ভিন্ন সংস্কৃতির আন্তর্জাতিক দর্শকদের হৃদয়েও নাড়া দেবে এবং তাদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে আমার বিশ্বাস।’’
২০১০ সালে যাত্রা শুরু করা বিআইএসএফএফ বিশ্বজুড়ে স্বাধীন ও উদীয়মান চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম পছন্দের মঞ্চ।