স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্লায়েন্টদের নিয়ে প্রথমবারের মতো ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করেছে। আয়োজিত এ ফোরামে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,ফোরামে বাংলাদেশের ক্রমবর্ধমান মূলধন বাজার, নীতিনির্ধারকদের ভূমিকা, বাজার স্থিতিশীলতা, টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ নিয়ে মতবিনিময় করেন।
আলোচকরা বলেন, সুদৃঢ় ঝুঁকি ব্যবস্থাপনা, পরিবর্তনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে পারা বাজার গঠন, প্রযুক্তির কৌশলগত ব্যবহার এবং টেকসই অর্থায়নকে কাজে লাগিয়ে বাংলাদেশ বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবিলার পাশাপাশি নতুন সুযোগ কাজে লাগাতে পারবে। শক্তিশালী বাজার অবকাঠামো, নীতিমালার পরিষ্কার দিকনির্দেশনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় সহযোগিতা বাংলাদেশের অবস্থানকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় আরও দৃঢ় করতে সহায়তা করবে বলেও তারা উল্লেখ করেন।
ফোরামে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও এনামুল হক বলেন, “বাংলাদেশের মূলধন বাজার এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। স্থিতিশীল বাজার, ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং ডিজিটাল ও টেকসই অর্থায়নকে গ্রহণের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতির পরবর্তী প্রবৃদ্ধির ধাপ উন্মোচন করতে পারি। এই আলোচনাটি আয়োজন করতে পেরে এবং নিয়ন্ত্রক সংস্থা ও ক্লায়েন্টদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গর্বিত। আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে মূল্যবান মতামত প্রদান এবং এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এর চেয়ারম্যান, মাসুদ খান এবং বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন-সহ সকল বক্তা, প্যানেল সদস্য, ক্লায়েন্ট এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও এনামুল হক উদ্বোধনী বক্তব্য দেন। হেড অব মার্কেটস অ্যান্ড করপোরেট সেলস সাবাহ সালিহীন আজিম অনুষ্ঠানটি সঞ্চালনা ও প্যানেল আলোচনা পরিচালনা করেন।