Advertisement Banner

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরাম-এ অংশগ্রহণকারী নির্বাচিত হলেন বিএনএনআরসির বজলুর রহমান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরাম-এ অংশগ্রহণকারী নির্বাচিত হলেন বিএনএনআরসির বজলুর রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘের তথ্য সমাজবিষয়ক বিশ্ব সম্মেলন (ডব্লিউএসআইএস) ফোরাম ২০২৬-এ উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় এই ফোরামটি অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং সুইস কনফেডারেশনের যৌথ আয়োজনে ফোরামটি জেনেভার আইটিইউ সদর দপ্তর এবং প্যালেক্সপোতে অনুষ্ঠিত হবে। পাশাপাশি এতে দূরবর্তী বা অনলাইনে অংশগ্রহণের সুযোগও রয়েছে।

আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপি ও ইউএনসিট্যাড-এর সহ-আয়োজনে এই ফোরামে জাতিসংঘের ৫০টিরও বেশি সংস্থা অংশীদার হিসেবে যুক্ত থাকবে।

এবারের ফোরামটি জাতিসংঘ সাধারণ পরিষদে ‘ডব্লিউএসআইএস+২০’ পর্যালোচনার পর প্রথম বার্ষিক ডব্লিউএসআইএস ফোরাম। সাধারণ পরিষদের প্রস্তাবে এই ফোরামকে তথ্যসমাজবিষয়ক সংলাপের বৈশ্বিক বহুপক্ষীয় প্ল্যাটফর্ম হিসেবে পুনর্ব্যক্ত করে প্রতিবছর নিয়মিত আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, কারিগরি সম্প্রদায়, শিক্ষাঙ্গন, তরুণ সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর পারস্পরিক সংলাপ ও সহযোগিতার কেন্দ্রীয় প্ল্যাটফর্ম এটি।

২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএনএনআরসি বাংলাদেশে ডিজিটাল উন্নয়ন এগিয়ে নিতে কৌশলগত ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি ডব্লিউএসআইএস প্রক্রিয়ার বৈশ্বিক নীতি ও অঙ্গীকারকে বাংলাদেশের স্থানীয় বাস্তবতার সঙ্গে যুক্ত করে কাজ করে যাচ্ছে। ২০০৫ সাল থেকেই সংস্থাটি বাংলাদেশে ডব্লিউএসআইএস অ্যাকশন লাইনসমূহ বাস্তবায়নে কাজ করে আসছে।

সম্পর্কিত