ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে ‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস ইন বাংলাদেশ’ শিরোনামে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আলমগীর হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ক্রমবর্ধমান কর্ম পরিধির কথা তুলে ধরেন। বাংলাদেশের ওষুধ শিল্পকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিতে ফার্মাসি গ্র্যাজুয়েটদের বাস্তবমুখী দক্ষতা, উদ্ভাবনী মনোভাব এবং নৈতিক মানদণ্ডে সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। এ জন্য বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার আরও বাড়াতে হবে। সেই সাথে, রোগীর নিরাপত্তা, ওষুধের গুণগত মান বজায় রাখা এবং সারা দেশে সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন অত্যন্ত দরকার বলে মত দেন।
দিবসটি উপলক্ষে ফার্মেসি বিভাগ শিক্ষার্থীদের জন্য ‘পোস্টার প্রেজেন্টেশন’ এবং ‘ফার্মা অলিম্পিয়াড’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেমিনার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।