Advertisement

বেতিয়ারা রণাঙ্গন: আত্মদানের ৫৫ বছর

হিলাল ফয়েজী

হিলাল ফয়েজী

বেতিয়ারা রণাঙ্গন: আত্মদানের ৫৫ বছর
বেতিয়ারা স্মৃতিসৌধ। ছবি: বাসস

অর্ধশতাব্দী পার হয়ে গেছে। বুকের ভেতর এখনো কষ্টের দগদগে দাগ। বেতিয়ারা সহযোদ্ধাদের লাশ স্মৃতি বহন করে চলেছি ৫৫ বছর ধরে।

Advertisement

জৈবিক নিয়মেই বিলীন হয়ে যাব স্বল্পকালেই। স্মৃতি বহন এবং প্রকাশের এই চক্রাবর্ত বেশি দিন থাকবে না। বিষাদের ঘেরাটোপ অতিক্রান্ত করে আজ বাঙালি জাতিসত্তার গৌরবগাথার কথাই বলে যাব।

একাত্তরের মুক্তিযুদ্ধে শামিল হওয়া প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ, নেতৃত্বের এভারেস্টে বঙ্গবন্ধু। দ্বিতীয় সংগঠিত রাজনৈতিক শক্তি তদানীন্তন ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী। মহান জাতীয় স্রোতে আরও অনেকেই। ১৯৭১ সালের ১১ নভেম্বর বেতিয়ারাতে এই বিশেষ গেরিলা বাহিনীর শতেকখানেক সদস্য আসামের তেজপুরে সামরিক প্রশিক্ষণ শেষে দেশের মাটিতে পা রেখেছিল। ভারতের ত্রিপুরায় ভৈরব টিলা থেকে সমতলে নামতেই বেতিয়ারা গ্রামটি। ওই গ্রাম ভেদ করে শেরশাহের গ্র্যান্ড ট্রাংক রোড, একালের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। একাত্তরে ছিল বেশ সরু।

তিনটি গ্রুপ আমরা একসাথে প্রবেশ করছিলাম বাংলা মায়ের সবুজ ধানের খেতের আল দিয়ে। ঢাকা-চট্টগ্রাম সড়কে পা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আমরা নোয়াখালী জেলার মাঝ দিয়ে ঢাকা জেলার তিনটি এলাকায় তিন গ্রুপে বিভক্ত হয়ে চলে যাব।

Advertisement

পাকিস্তানি খানসেনারা (সেনাসদস্য) জিপযোগে ঢাকা-চট্টগ্রাম সড়কের জগন্নাথদীঘি এবং শর্শাদি ক্যাম্পের মধ্যে ৪৫ মিনিট পর পর টহল দেয়। এই ৪৫ মিনিটের মাঝে আমাদের সড়ক পাড়ি দিতে হবে।

আমাদের এই মুভমেন্ট দলের প্রধান ছিলেন স্থপতি ইয়াফেস ওসমান। তিনি রেকি দলের প্রতিনিধি হিসেবে আমাদের ভৈরব টিলা থেকে সমতল বাংলা মাতৃভূমির ধানের খেতের আল ধরে যথাসম্ভব দ্রুত অন্ধকারে ঢাকা-চট্টগ্রাম সড়কের কাছে গিয়ে অবস্থান নিতে কম্যান্ড দিলেন। আমাদের মুভমেন্ট দলের অগ্রভাগে এক দুর্দান্ত তরুণ নিজামউদ্দিন আজাদ। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের দুই দিকেই নিরাপদ দেখে আমরা সড়ক থেকে অপর পারে পা দিতেই মেঠো সড়ক থেকে হঠাৎ ছুটে এলো গুলি। আমরা বিভ্রান্ত হয়ে গেলাম। শত্রু যে রাস্তার ওপারে আমাদের অজ্ঞাত ছিল। এমন অবস্থায় ওদের পাতা ফাঁদে পা দিয়ে বেঁচে আসাটাই ছিল বিজয়ের মতো ব্যাপার। আমাদের অধিকাংশকে মূলত: বাঁচিয়ে দিয়েছে দুই দিকে কাভার গ্রুপে রাখা বীরযোদ্ধাদের জন্য। তারাও পাল্টা গুলি চালাতে শুরু করল অন্ধকারে শত্রুর আক্রমণ স্থলের দিকে।

১৯৭১ সালের ১১ নভেম্বর বেতিয়ারায় শহিদ হন নয়জন বীর মুক্তিযোদ্ধা। ছবি: লেখক
১৯৭১ সালের ১১ নভেম্বর বেতিয়ারায় শহিদ হন নয়জন বীর মুক্তিযোদ্ধা। ছবি: লেখক

এক পর্যায়ে আমাদের অধিনায়ক পিছিয়ে আসার নির্দেশ দিলেন। আমাদের অনেকেরই পিঠে এক মণের মতো বোঝা। রাইফেল, স্টেনগান, বুলেট, এক্সপ্লোসিভ আছে সে বোঝাতে। সেসব নিয়েই সম্মুখযুদ্ধের পয়েন্ট থেকে আমরা এদিক সেদিক হয়ে ভৈরব টিলার দিকে ফিরে আসতে থাকলাম।

নওয়াবগঞ্জের হাবিব আহত অবস্থায় এসে বলতে থাকল, আমাকে একটা অস্ত্র দিন, ওদের বুলেটে আহত হয়ে আমার রাইফেল খুইয়ে ফেলেছি। আমি যুদ্ধ করে আমার রাইফেল ফিরিয়ে আনব। গল্প-উপন্যাসের চেয়েও বাস্তব এই সত্য দৃশ্যের মুখোমুখি আমি সম্ভবত জীবনের সেরা একটি মুহূর্তের প্রত্যক্ষদর্শী হয়ে থাকলাম।

শত্রুর হামলায় আমরা হারালাম সিরাজুম মুনির, নিজামুদ্দিন আজাদ, বশিরুল ইসলাম, জহিরুল হক দুদু মিঞা, শহিদুল্লাহ সাউদ, আওলাদ, আব্দুল কাদের ও শফিউল্লাকে। সবুজ ধানের মাঠে শহীদের লাল রক্তে গড়ে উঠল আমাদের পরম গৌরবের লাল সবুজ পতাকা। শত্রু কয়েক দিন ঘিরে থাকল সহযোদ্ধাদের লাশগুলো। ওরা 'কাফের'দের লাশ সমাহিত হতে দেবে না।

বেতিয়ারা স্মৃতিসৌধ। ছবি: বাসস
বেতিয়ারা স্মৃতিসৌধ। ছবি: বাসস

সে রাতে বেতিয়ারা রণাঙ্গনে যে অমর দৃশ্যকাব্য রচনা করলেন শহিদ জহিরুল হক দুদু মিয়া তা নিম্নরূপ:

পাকিস্তানি ঘাতক সেনাদের ফাঁদ পাতা অ্যাম্বুশে ধরা পড়ে গেলেন নরসিংদীর রায়পুরার কিষাণ জোয়ান দুদু মিয়া। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে বিদায় নেওয়ার আগের রাতে জননী পিঠা বানিয়ে খাওয়ালেন তার যে সাহসী সন্তানকে। ধৃত দুদু মিয়াকে পাকিস্তানি সেনারা রাইফেলের নল বুকে দিয়ে বলল, 'বোলো পাকিস্তান জিন্দাবাদ'। দুদু মিয়া চরাচর ভেদ করে বলে উঠল 'জয় বাংলা'। শত্রু তার শরীর বুলেটবিদ্ধ করে বলল 'বোলো পাকিস্তান জিন্দাবাদ'। দুদু মিয়া আরও জোরে বলে উঠলেন, 'জয় বাংলা'। আবারও বুলেট। শত্রু বলল, 'বোলো পাকিস্তান জিন্দাবাদ'। বুলেট বিদীর্ণ রক্তাপ্লুত দুদু মিয়া বাঙালির জাতিসত্তার সবটুকু গৌরব আর ঐশ্বর্য সমুজ্জ্বল করে অন্তিম ধ্বনিতে বলে উঠলেন জ–য়–য়–য়–বাং-লা। বাঙালি জাতির কিষান বীরশ্রেষ্ঠ দুদু মিয়া।

আত্মদানের অমর শহিদেরা বাঙালি জাতিসত্তা বিকাশের শাশ্বত জ্যোতি হয়ে থাকবেন। বেতিয়ারা শহিদসহ একাত্তরের ত্রিশ লক্ষাধিক শহিদের প্রতি বিপ্লবী অভিবাদন। সালাম জানাই বেতিয়ারা যোদ্ধাসহ বিশেষ গেরিলা বাহিনীর সর্বস্তরের বীরযোদ্ধা ও সংগঠকদের। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধ অমৃত মাইলফলক। শত আঘাতের মাঝেও ইতিহাসের এই ফলক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকবেই।

লেখক বেতিয়ারা রণাঙ্গনের অংশী