তোমার ভালোবাসা উষ্ণ,
যেভাবে ভোরের আলো চুপিচুপি জানালার পর্দা সরিয়ে ঘরে ঢোকে।
তোমার ভালোবাসা গভীর,
যেমন শিকড় মাটির বুক চিরে অন্ধকারেও পথ খুঁজে নেয়।
তোমার ভালোবাসা নিবিড়,
শীতের রাতে কাঁথার মতো যা শরীর ও মন দুটোকেই জড়িয়ে রাখে।
তোমার ভালোবাসা নিঃশব্দ,
ঝরনার মতো কলকল করে না, তবু বুকের ভেতর অবিরাম বয়ে চলে।
তোমার ভালোবাসা সাহসী,
ঝড়ের মুখে যে বৃক্ষ নুয়ে পড়ে না, বরং আরও শক্ত হয়ে দাঁড়ায়।
তোমার ভালোবাসা কোমল,
শিশিরের মতো যা ঘাসের ডগায় বসে থাকে, ভেঙে পড়ার ভয় না রেখেই।
তোমার ভালোবাসা অনন্ত,
দিগন্তের মতো যাকে দেখা যায়, ছোঁয়া যায় না, তবু হাঁটতে থাকি ।
তোমার ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় বিশেষণ,
যা দিয়ে আমি নিজেকে প্রতিদিন নতুন করে সংজ্ঞায়িত করি।
সহিদুল আলম স্বপন: জেনেভা, সুইজারল্যান্ড