Advertisement Banner

যেকোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরু হতে পারে: ইরান

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
যেকোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরু হতে পারে: ইরান
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ছবি: এক্স

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন।

স্থানীয় সময় রোববার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলছে, এমন এক সময় ইরানের স্পিকারের এই বক্তব্য এল যখন চলমান যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, ইসরায়েলের একটি রেডিও, সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

অন্যদিকে, ইরানের বন্দরগুলোতে অবরোধ কার্যকর করছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ অভিযানে ১২টির বেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে। তাতে সহায়তা দিচ্ছে ১০ হাজারের বেশি কর্মী ও যুদ্ধবিমান। মার্কিন এই নৌ অবরোধের জেরে আবারও হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান।

এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি দ্বিতীয় দফার বৈঠক নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। একটি চুক্তিতে পৌঁছাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের শান্তি আলোচনার সম্ভাবনা রয়েছে।

এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা সমঝোতা ছাড়াই শেষ হয়। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে চেষ্টা করছে পাকিস্তান।

সম্পর্কিত