Advertisement Banner

গরম বাড়ার আভাস, হতে পারে বৃষ্টিও

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
গরম বাড়ার আভাস, হতে পারে বৃষ্টিও

দেশের তিন বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ সারা দেশে গরমের অনুভূতি আজ থেকে বাড়তে পারে।

আজ সোমবার এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এদিন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের সীমান্ত এলাকার দু-এক জায়গায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে সার্বিকভাবে বলা যায়, আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। তবে তাপমাত্রা বাড়তে পারে, ফলে গরম বেশি অনূভুত হবে।

এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকা শুষ্ক থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরবর্তী চার দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। সেদিনও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃহস্পতি ও শুক্রবার রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। এ দুই দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবারের পরের পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সম্পর্কিত