Advertisement Banner

আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না: গোলাম পরওয়ার

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না: গোলাম পরওয়ার
ছবি: চরচা

জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দলটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে এবং সরকারকে জনগণের ম্যান্ডেট অনুযায়ী পাঁচ বছর দায়িত্ব পালনের সুযোগ দিতে চায়। তবে জনরায় উপেক্ষা করা হলে জনগণ আবারও রাজপথে নামবে বলেও সতর্ক করেন তিনি।

আজ শনিবার বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের শেষদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী সহিংসতায় বিশ্বাস করে না বলে বুকে পাথর চেপে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে। আমরা এখনই সরকারের পদত্যাগ চাই না, সরকার জনগণের মেন্ডেট নিয়ে পাঁচ বছর দায়িত্ব পালন করবে এবং জনরায়কে আমলে নিয়ে সংবিধান সংশোধন করবে। জনগণকে ভুল বুঝিয়ে বেশি দূর আগানো যাবে না, বিএনপি তার অবস্থান পরিবর্তন না করলে জনগণ আবার রাস্তায় নেমে আসবে।”

তার ভাষ্য, জনগণের আশা-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেওয়ায় সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ও সংসদ গঠিত হলেও প্রথম অধিবেশনেই মানুষ আশাহত হয়েছে। সরকারের মন্ত্রীরা এখন জনরোষের মুখে পড়ছেন এবং তাদের বিরুদ্ধে “ভুয়া ভুয়া” স্লোগান উঠছে।

জামায়াত সেক্রেটারি বলেন, সরকার গণভোটে ৭০ ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে, এটা অপ্রয়োজনীয়। জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নেওয়ার ফলে সরকার গঠনের দুই মাসের মধ্যেই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। সরকারের আসার আগে জনগণের কাছে যে ওয়াদা করেছে একে একে সেগুলো পদদলিত করে একদলীয় ফ্যাসিবাদের দিকে আগাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ারের ভাষ্য, বর্তমান সংবিধানের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা থাকায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ঝুঁকিতে পড়ছে এবং জনগণ ন্যায্য সুফল থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে যে ন্যায়বিচারের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, তা আজ পদদলিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াত এই নেতা আরও বলেন, ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই সনদের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই স্মারক অনুমোদনের পর সংবিধান সংশোধনের বিষয়ে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারি হয়। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ায় বর্তমান সংকট তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ৭ জুন শুরু হওয়া বাজেট অধিবেশনেই সরকার গণভোট সংক্রান্ত বিল সংসদে উত্থাপন ও পাস করবে।

বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযয্ম হোসাইন হেলাল, ড. শফিকুল ইসলাম মাসুদ, আতাউর রহমান বাচ্চু ও এটিএম ফকরুদ্দিন খান রাজি।

মহানগর সহকারী সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমির মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, শেখ নেয়ামুল করিম, ড. ফয়জুল হকসহ জেলা ও মহানগর শাখার নেতারা।

সম্পর্কিত