সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবশার বিজনেস প্ল্যাটফর্মে ভিসা ও ইকামা নবায়নসহ সাত পরিষেবার জন্য নতুন ফি নির্ধারণ করা হয়েছে । স্থানীয় সংবাদমাধ্যম ওকাজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এক্সিট ও রিএন্ট্রি ভিসার ফি ১০৩ দশমিক ৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। এছাড়া ইকামা নবায়ন ও চূড়ান্ত প্রস্থানের ফি যথাক্রমে ৫১ দশমিক ৭৫ রিয়াল ও ৭০ রিয়াল ও প্রবাসী পাসপোর্ট আপডেট করার নতুন ফি ৬৯ রিয়াল নির্ধারণ করেছে সৌদি সরকার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবশার বিজনেস প্ল্যাটফর্ম জানায়, এই ফিগুলো আবশার বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত পরিষেবাগুলোর জন্য প্রযোজ্য। যেসব নিয়োগকর্তা বার্ষিক প্যাকেজে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য এ ফি নয়।
২০২২ সালে সৌদিতে চালানো আদমশুমারির তথ্য অনুযায়ী, দেশটিতে মোট জনসংখ্যার ৪২ শতাংশই হলেন প্রবাসী।
সৌদি আরবের পরিসংখ্যান দপ্তর জানায়, সৌদিতে মোট জনসংখ্যা রয়েছে ৩ কোটি ২১ লাখ ৭৫ হাজার ২২৪ জন। এরমধ্যে সৌদির স্থানীয় নাগরিক হলেন প্রায় ১ কোটি ৮৮ লাখ। যা মোট জনসংখ্যার ৫৮ দশমিক ৪ শতাংশ। অপরদিকে প্রবাসী হলেন প্রায় ১ কোটি ৩৪ লাখ। যা মোট জনসংখ্যার ৪১ দশমিক ৬ শতাংশ।