সেদিন দিনটা ছিল একটু গরম, মানে হিউমিডিটি সাথে গরম। সানডিয়াগোর আবহাওয়ার সাথে মানায় না। বিকেলের দিকেও গরম তেমন কমেনি। তবু আমি ডাউন টাউনে বৃষ্টির জন্মদিনে যাচ্ছি। বিকেলের আলোয় প্রাণবন্ত একটা সময় তখন ফ্রি ওয়েতে। ডাউন টাউনে খুব একটা আসতে চাই না আমি। কারণ গাড়ির পার্কিং খুঁজে পাওয়া কষ্টকর। তবে বৃষ্টির বাসার নিচে গাড়ি পার্কিং পেলাম সহজে। রোববার হওয়াতে সুবিধা হয়েছে একটু। ওর জন্মদিন বাসায় নিচে কাচঘেরা হলে। পার্টি রুমটায় গোলাপি চেরি ব্লসমের সাজসজ্জা আর কাগজের লাইট। সব কিছু মিলিয়ে একজন রাজকন্যার জন্মদিনের জন্য পারফেক্ট।
অ্যাপিটাইজার কর্নারে গিয়ে শিঙাড়া আর চা নিয়ে গেলাম সোফার দিকে। দেখি চা হাতে উদাস চোখে বাইরের ট্রাফিক দেখছে এক মেয়ে। এক মাথা কোঁকড়া চুল, চোখে একরাশ স্বপ্ন। বসলাম ওর পাশে। বলল ওর নাম অনঘ। ভীষণ কাব্যিক নাম। ওর মা রেখেছেন। কথায় কথায় জানলাম ওর হাবি নামকরা এক ইউনিভার্সিটিতে পিএইডডি করছে আর অনঘ আপাতত দেশে নিজের বিজনেস করছে, মার জন্য দেশে আসে যায়।
জিজ্ঞেস করলাম কিসের বিজনেস তোমার? আমার একটা ডিজাইন শপ আছে। কাপড় ডিজাইন করি আপু। চমৎকার কনসেপ্ট। সাথে সাথে মনে পড়ে গেল দেশের আরেকজন ডিজাইনারের কথা। প্রকৌশলী হয়ে একটা ফার্মে জয়েন করেছিলেন তিনি। সদ্য একটা বাবু হয়েছে। বাচ্চা নিয়ে কাজ করাটা প্রায় অসম্ভব হয়ে পড়ল তার জন্য। কাজের কলিগরাও নানারকম মন্তব্য করতে শুরু করলেন। তিনি চাকরি ছেড়ে দিলেন। সংসারের আংশিক হাল তো তাকেও ধরতে হবে।
শুরু করলেন তার প্রচণ্ডতম শখ পোশাক ডিজাইনকে পেশা হিসেবে নেওয়া। শুরুটা সহজ ছিল না। ছোট্ট করে শুরু করলেন যে বাসায় থাকতেন, সে বাসারই দোতলা ভাড়া নিয়ে। পিকাসোর ছবি বা মাসুদ রানার রহস্য সব উঠে এলো বাংলাদেশি শাড়িতে। এখন দেশের নাম করা একজন ডিজাইনার তিনি। অনঘের চোখে সে প্রত্যয় আমি দেখেছি। আর এসব মেয়দের বাবুগুলো আবার চমৎকার কিছু মানুষ হয়। হাতটা ধরে থাকে সব পরিস্থিতিতে।
পার্টির একপাশে চলছে গান তখন। মূল খাবার নিতে গিয়ে শুনলাম একদল মেয়ে আরেক সফল মেয়ের জন্য বয়স্ক বা অযোগ্য পাত্রের ঘটকালি করে কথা শুনেছে দেখে মুখ হাঁড়ি। আমি হাসলাম। যোগ্য মেয়ের হাত যাকেতাকে ধরতে দিলে কি সে তার মর্যাদা বুঝবে? এই যে এনভিডিয়ার সিইও তার কলেজ জীবনের বান্ধবীর (পরে বউ) সাথে চিট করে শুধু নিজের জীবন না পুরো পৃথিবীর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্স কাঁপিয়ে দিয়েছে, স্টক মার্কেটে ধ্বস নামিয়েছে এগুলো তো নিজের প্রকৌশলী বউয়ের দাম না বুঝতে পারার জন্যই। কত মানুষকে এর খেসারত দিতে হবে কে জানে।
গান শুনতে শুনতে ডিনার করলাম আমরা। বৃষ্টি কেক কাটল। গল্পে গল্পে রাত হয়েছে আর কখন মেঘ করে বৃষ্টি এসেছে কে জানে। সবাই উঠব, অনঘ দেখি ছুটতে ছুটতে আসছে, বলছে আপুরা যাই। ও এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। বৃষ্টির আভাস পেয়েই চলে এসেছে কিন্তু আমাকে এত আনন্দ দিয়ে গল্প করতে দেখে ফোন দেয়নি। তারপর এককাপ চা নিল ও। চলে গেল। বাইরে তাকিয়ে দেখি অনঘ চা ওর হাবিকে দিল। মাথায় হাত দিয়ে দেখল চুল ভিজেছে কি না। ছাতাটা নিজের হাতে নিল, ওর হাবি এক হাতে চা আর এক হাত ওর কাঁধে দিয়ে গাড়ির দিকে হেঁটে চলল। এইতো আধুনিক যুগের বাংলাদেশি মেয়ে। সব কিছুতেই সাথে আছে।
গাড়িতে উঠেই গান বাজালাম—
“নীল চোখে চোখ আমি রেখেছি
সাত রঙে মনে ছবি এঁকেছি
তারে চোখ ভরে যত আমি দেখেছি
যেনো স্বর্গের কাছাকাছি এসেছি
কি মায়া সেই চোখে আমি তো বুঝি না…”
ফারহানা আহমেদ লিসা: সানডিয়াগো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র