সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় টেকসই প্রযুক্তির অগ্রগতির লক্ষ্যে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে গ্রিন টেক।
স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, টেকসই উদ্ভাবনী ফেলোশিপ প্রোগ্রামটিতে পানি শোধনের পর উপজাতগুলোকে কীভাবে পরিবেশের উপকারে কাজে লাগানো যায় তা নিয়ে গবেষণা হবে। সেইসঙ্গে মরুভূমিতে পরিশোধিত পানি পুনরায় ব্যবহারের উপায়ও এতে খুঁজে বের করা হবে।
সৌদি সরকারের অর্থায়নে পরিচালিত এই প্রোগ্রামটি পানি শোধনাগার, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং বর্জ্য পানিতে মাইক্রোপ্লাস্টিকের পরিবেশগত প্রভাবও মূল্যায়ন করবে।
ভিশন-২০৩০ বাস্তবায়ন করতে সৌদি সরকার আন্তর্জাতিক মান পূরণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিচ্ছে।
ভিশন-২০৩০ হলো সৌদির একটি সরকারি পরিকল্পনা। সৌদি সরকার বলছে, এটি তেলের ওপর দেশটির নির্ভরতা কমাতে সাহায্য করবে।