আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার ৩৮৫ প্রবাসীকে তাদের দেশে ফেরত পাঠাচ্ছে কুয়েত। আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
মন্ত্রণালয় জানায়, গত ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩৮৫ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
কোনো সময়সীমা উল্লেখ না করে কুয়েত সরকার জানায়, এরইমধ্যে ৪৯৭ জন প্রবাসীকে এরইমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।
মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী, এবং তাদের মধ্যে অনেকেই নাগরিকত্ব পেয়েছেন। অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার। এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।