Advertisement

সৌদি আরবে আগামী শনিবার পর্যন্ত প্রবল বজ্রঝড় ও আকস্মিক বন্যার পূর্বাভাস

চরচা প্রবাস ডেস্ক

সৌদি আরবে আগামী শনিবার পর্যন্ত প্রবল বজ্রঝড় ও আকস্মিক বন্যার পূর্বাভাস
সৌদি আরবের পতাকা। ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিভিন্ন অঞ্চলে ব্যাপক বজ্রঝড় ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত দেশটির কয়েকটি অঞ্চলে আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতির ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা, মক্কা, মদিনা, হাইল, রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং নাজরান এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলের কয়েকটি স্থানে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

একই সময়ে আল জৌফ, নর্দার্ন বর্ডারস অঞ্চল এবং তাবুকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

Advertisement

জাজান ও আসিরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

জাজান অঞ্চলে আজ মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে মঙ্গলবার ও বুধবার আল রাইথ, হারুব, আল দায়ের, আল ঈদাবি, ফাইফা, আল আরিদাহ এবং আল হারথ এলাকায় প্রবল বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া, বুধবার ও বৃহস্পতিবার জাজান শহর, ফারাসান, আল দারব, বাইশ, সাবিয়া, দামাদ, আবু আরিশ, আহাদ আল মাসারিহা, সামতাহ এবং আল তাওয়াল এলাকায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আসিরের অধিকাংশ গভর্নরেটে পাঁচ দিনজুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার, বুধবার ও শনিবার সেখানে বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে। আল বাহা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যা শনিবার আরও তীব্র হওয়ার পূর্বাভাস রয়েছে।

মক্কা, জেদ্দা ও মদিনায় বৃষ্টির পূর্বাভাস

মক্কা অঞ্চলের মক্কা শহর, আল কামিল, আল জুমুম, তায়েফ, মাইসান, আদহাম, আল আরদিয়াত, খুলায়স এবং বাহরাহ এলাকায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে।

জেদ্দা ও রাবিগে মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ ছাড়া, শুক্রবার ও শনিবারও সেখানে বৃষ্টি হতে পারে।

তুরবাহ, আল খুরমাহ, রানিয়াহ, আল মুওয়াইহ, আল কুনফুদাহ এবং আল লাইথ এলাকায়ও পুরো সময়জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার, বুধবার, শুক্রবার ও শনিবার বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

মদিনা অঞ্চলের মদিনা শহর, আল হানাকিয়াহ, মাহদ আল জাহাব এবং ওয়াদি আল ফারায় মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে শুক্রবার ও শনিবার বৃষ্টিপাতের তীব্রতা বেশি হতে পারে।

এ ছাড়া, শুক্রবার ও শনিবার উলাই, আল আইস, বদর এবং খাইবার এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

রিয়াদ, কাসিম ও পূর্বাঞ্চলীয় প্রদেশে বৃষ্টি

হাইল, কাসিম ও রিয়াদের কয়েকটি গভর্নরেটে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিছু এলাকায় দফায় দফায় প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

তবে ওয়াদি আদ দাওয়াসির, আল আফলাজ এবং আস সুলাইল এলাকায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাঞ্চলীয় প্রদেশে পাঁচ দিনজুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ও বুধবার সেখানে বৃষ্টিপাতের তীব্রতা সবচেয়ে বেশি হতে পারে।

নাজরান অঞ্চলের নাজরান শহর, হাবুনা, বদর আল জানুব, থার, ইয়াদামাহ এবং খাবাশ এলাকায় মঙ্গলবার ও বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আকস্মিক বন্যা ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

এনসিএম সতর্ক করে জানিয়েছে, প্রবল বজ্রঝড়ের কারণে আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি হতে পারে। এ সময় প্রবল নিম্নমুখী ঝোড়ো হাওয়া ধুলা ও বালু উড়িয়ে আনতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।

প্রতিকূল আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকায় সমুদ্রের ঢেউও উত্তাল হয়ে উঠতে পারে। পাশাপাশি ঘূর্ণায়মান মেঘস্তম্ভ বা জলস্তম্ভ (ওয়াটারস্পাউট) সৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এনসিএম বাসিন্দাদের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, পূর্বাভাস ও সতর্কবার্তা সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার আহ্বান জানিয়েছে। এ জন্য সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট, ‘আনওয়া’ আবহাওয়া অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট অনুসরণ করতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের কয়েকটি অঞ্চলে পরবর্তী সপ্তাহেও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ বিষয়ে আরও প্রতিবেদন প্রকাশ করা হবে।