ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না গেলে বাংলাদেশের জায়গায় অন্য দলকে সুযোগ দেবে আইসিসি। এ নিয়ে আজ বুধবার আইসিসির সভায় ভোটাভুটি হয়েছে। এর পরই এই সিদ্ধান্ত জানিয়েছে আইসিসি।
বুধবারের ভোটে বেশিরভাগ সদস্য দেশই বাংলাদেশ ভারতে না গেলে বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দিয়েছে। তাতে ১৪টি দল এই সিদ্ধান্তের পক্ষে মত দেয়, বিপক্ষে মত দেয় শুধু দুটো দেশ।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে। এ জন্য একদিন সময়ও দেওয়া হয়েছে বিসিবিকে।
বুধবার বাংলাদেশ সময় বিকেলে আইসিসির বোর্ড সভা শুরু হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত হন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভিসহ সবকটি সদস্য দেশের প্রতিনিধিরা সভায় যোগ দেন।