পেরুর মধ্যাঞ্চলের আন্দিজ পর্বত এলাকায় শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আন্দিজ পর্বতমালায়, জুনিন শহরের প্রায় ৩৪ কিলোমিটার (২১ মাইল) উত্তরে। ভূপৃষ্ঠের ১০৮ কিলোমিটার (৬৭ মাইল) গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পেরুর ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি কারুয়ামায়ো শহরের মেয়র আবদেল ভেগাও স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের কম্পন রাজধানী লিমাতেও অনুভূত হয়। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।
পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। প্রায় ৪০ হাজার কিলোমিটার (২৫ হাজার মাইল) দীর্ঘ এই বলয় প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে। এখানে আগ্নেয়গিরির সক্রিয়তা ও ভূতাত্ত্বিক চ্যুতিরেখা রয়েছে। বিশ্বে সংঘটিত অধিকাংশ ভূমিকম্পের উৎপত্তি এই অঞ্চলে।
সাম্প্রতিক কয়েক মাসে দেশটিতে বেশ কয়েকটি ক্ষয়ক্ষতি সৃষ্টিকারী ভূমিকম্প হয়েছে। গত আগস্টে পেরুর আন্দিজ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে দুজন আহত হয়। এ ছাড়া, বেশ কয়েকটি বাড়ি, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে গত জুলাইয়ে জুনিন অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়।