Advertisement

দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে অব্যাহতিসহ পদাবনতি

দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে রাবির শিক্ষককে অব্যাহতিসহ পদাবনতি
ড. সুজন সেনকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে গতকাল রোববার রাতে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ।

ইফতিখারুল আলম মাসউদ বলেন, “অযোগ্যতা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে ড. সুজন সেনকে পাঁচ বছরের জন্য সব ধরনের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনতি করা হয়েছে। লেকচারার থেকে একজন শিক্ষক যখন সহকারী অধ্যাপক পদে উন্নীত হন, বর্তমানে তার পদ সেই পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে।”

রেজিস্ট্রার শাস্তির মাত্রা স্পষ্ট করে আরও বলেন, “আগামী পাঁচ বছর পর তিনি সহকারী অধ্যাপক হিসেবে যোগদানের যোগ্য হবেন। এরপর আরও চার বছর পর তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ তাকে মোট নয় বছর পিছিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া এই পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্টও পাবেন না।”

Advertisement

ড. সুজন সেনের বিরুদ্ধে শিক্ষার্থীকে অনিয়ম ও অনৈতিক সুবিধা দেওয়াসহ নানা স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় এ চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়।