Advertisement Banner

মে মাসে এল ৩ কার্গো এলএনজি, আরও আসছে ৮টি

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মে মাসে এল ৩ কার্গো এলএনজি, আরও আসছে ৮টি
ছবি: বাসস

সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার জন্য স্পট মার্কেট থেকে তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, মে মাসে আরও আট কার্গো এলএনজি আমদানির প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান আজ বলেন, "গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন বাজার থেকে আরও আট কার্গো এলএনজি আমদানি করা হবে। এ ছাড়া জুন মাসে আরো চার কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সই হয়েছে।"

এ কে এম মিজানুর রহমান জানান, রাষ্ট্রায়ত্ত্ব পেট্রোবাংলা মে মাসের জন্য মোট ১১টি কার্গো নিশ্চিত করেছে। এগুলোর মধ্যে আজ পর্যন্ত তিনটি দেশে এসেছে।

এ কে এম মিজানুর রহমান জানান, সরকার চাহিদা মেটাতে জুন মাসে স্পট মার্কেট এবং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় চারটি এলএনজি কার্গো নিশ্চিত করেছে। আরো কিছু কার্গো আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়মিতভাবে এলএনজি আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। গ্যাস সরবরাহে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সেজন্য বিকল্প উৎস থেকেও এলএনজি আমদানির প্রস্তুতি নিচ্ছে সরকার।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, এপ্রিল মাসজুড়ে মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করা হয়েছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিং (কিউইটি) থেকে আমদানি করা হয়েছে।

আরপিজিসিএল জানায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে।

সম্পর্কিত