রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমি পুনরুদ্ধার, সীমানা সুরক্ষা এবং অননুমোদিত স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১১টায় রুয়েট প্রশাসনিক ভবন থেকে র্যালি শুরু হয়ে রাজশাহীর তালাইমারিতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নগরীর তালাইমারি এলাকায় রুয়েটের মালিকানাধীন জমিতে সীমানাপ্রাচীর ভেঙে পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থাপনাটি বিদ্যমান থাকলেও বিগত রুয়েট প্রশাসন জমি পুনরুদ্ধারে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমানে এর পাশেই পুরকৌশল অনুষদের ১০তলা প্রাতিষ্ঠানিক ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। ভবনের সামনেই এমন স্থাপনায় শিক্ষার পরিবেশ, নিরাপত্তা, চলাচল ও ক্যাম্পাসের নান্দনিকতায় বিরুপ প্রভাব ফেলার উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা সাতদিনের আল্টিমেটাম জানিয়ে বলেন, পাবলিক টয়লেট থেকে শুরু করে দোকানপাটসহ অন্যান্য অবৈধ স্থাপনা অতিদ্রুত অপসারণ করতে হবে। তবে এই সময়ের পরে উদ্ভূত কোনো পরিস্থিতির দায় রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বহন করবে না।
এছাড়াও মেইন গেটসংলগ্ন ও সীমানাপ্রাচীরের ধারে গড়ে ওঠা অনুমোদিত ভ্রাম্যমাণ দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচলের পরিবেশ নিশ্চিতের দাবি জানান তারা। জনসাধারণের পাবলিক টয়লেট প্রয়োজন হলে তা বিশ্ববিদ্যালয়ের জমির বাইরে উপযুক্ত স্থানে বৈধ ভাবে নির্মাণের তাগাদা দেন। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জমির অবৈধ দখল বা ব্যবহারের হাত থেকে রক্ষায় স্থায়ী নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।