Advertisement

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলা, নিহত ৩০

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নাইজেরিয়ায় মার্কেটে বন্দুক হামলা, নিহত ৩০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি মার্কেটে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে। এ সময় মার্কেটের বিভিন্ন দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে সন্ত্রাসীরা।

Advertisement

স্থানীয় সময় শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে নাইজারের ডেমো গ্রামের একটি মার্কেটে ঘটেছে এ হামলা।

গতকাল রোববার নাইজার পুলিশের মুখপাত্র ওয়াসিও আবিওদুন বলেন, “বন্দুকধারী সন্ত্রাসী বাজারের চত্বরে এসে নির্বিচারে গুলি চালাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন কমপক্ষে ৩০ জন এবং আহত হন আরও বহুসংখ্যক। এসময় বেশ কয়েকটি দোকানে লুটপাট ও অগ্নিসংযোগও করেছে তারা।”

আবিওদুন আরও বলেন, “হত্যা-লুটপাট-অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারে ইতোমধ্যে পুলিশ তৎপরতা শুরু করেছে।”

Advertisement

হামলায় আহত দাউদা সাকুল্লে নামের এক ব্যক্তি রয়টার্সকে বলেন, “ডাকাতরা নারী-শিশুদেরও রেহাই দেয়নি। হামলার সময় মার্কেটে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি ছিলো না। আমরা মার্কেটে লাশ খুঁজছি।”

এদিকে এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু বলেছেন, হামলায় সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট বলেন, “অপহরণের শিকার সবাইকে যত শিগগির সম্ভব উদ্ধার করতে প্রশাসনকে বলা হয়েছে। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে বন-জঙ্গলের নিকটবর্তী অঞ্চলগুলোতে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

এই হামলার প্রায় এক মাস আগে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকের মুখে ৩০০ যন শিক্ষার্থীকে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। সেই শিক্ষার্থীদের সবাইকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।