সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি একটি আইনী প্রক্রিয়া। এতে নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়া সম্ভব না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ শনিবার রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম ‘বে অফ বেঙ্গল কনভার্সেশনের’ একটি আন্তর্জাতিক প্যানেল সংলাপে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরত পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, এটি সম্পূর্ণভাবে একটি কঠোর আইনি প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়ায় আদালত যুক্ত রয়েছে। ফলে এই বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম দেওয়া সম্ভব নয়।
দীনেশ ত্রিবেদী আরো বলেন, ‘‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই একাধিকবার স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়াটি নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে রয়েছে। ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের নিজস্ব আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান।’’
হাইকমিশনার বলেন, ‘‘ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে (শেখ হাসিনা) ভারতে নিয়ে আসেনি। সে সময় বাংলাদেশে ঘটে যাওয়া দুঃখজনক পরিস্থিতির মধ্যে একটি সামরিক বিমানে করে তিনি ভারতে আগমন করেন, যার জন্য ভারত আগে থেকে প্রস্তুত ছিল না।’’
শেখ হাসিনাকে গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প ভারতের ছিল না উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘ওই সময় তিনি তখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই আকস্মিক বাস্তবতাকে গ্রহণ করা ছাড়া ভারতের কাছে তেমন কোনো বিকল্প ছিল না। বর্তমানে পুরো বিষয়টি আইনগত ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে।’’