দেশের মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা নতুন পোশাক পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছে।
শনিবার বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘’আজ থেকে ডিএমপি এলাকায় পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন।‘’
সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন আগে জানিয়েছিলেন, লৌহবর্ণের এই পোশাক প্রথম পর্যায়ে ডিএমপি, সিএমপি, হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পিবিআই–এই ইউনিটগুলো নতুন পোশাক পরবে। পর্যায়ক্রমে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের কাছেও পোশাক পৌঁছে দেওয়া হবে।
গত বছরের গণঅভ্যুত্থানের পর পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ জানুয়ারি সরকার এ সিদ্ধান্ত অনুমোদন করে। উদ্দেশ্য ছিল–দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে আধুনিক, জবাবদিহিমূলক ও নতুন পরিচয়ের প্রতীক হিসেবে উপস্থাপন করা।