হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদলের ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে একটি সাধারণ মামলা দায়ের করা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিয়াজ এবং সংগঠনের নেতা আসিকুল ইসলাম ইমন, মোজাক্কের হোসেন ইমন, শিমুল, সাইমন, মাহফুজ, ইশতিয়াক সাব্বির, নাজমুল ও রক্সি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বুধবার রাতে হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার অভিযোগটি সাধারণ মামলা হিসেবে ফাইল করা হয়। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্তত ১৫ জন আহত হন।